• এসএসসি মামলায় পার্থ ও অর্পিতাকে তলব ইডির
    আজকাল | ০২ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: এসএসসি দুর্নীতি মামলায় এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

    তবে এখনই নয়, জানা যাচ্ছে দোল মিটে গেলেই এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ডাক পড়তে পারে। উল্লেখ্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে তদন্তকারী সংস্থা সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল।

    এই একই মামলায় তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়। তবে বর্তমানে দু’জনেই জামিনে মুক্ত। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে অভিযোগ ওঠে এর আগে।

    তবে এর পাশাপাশি এসএসসি দুর্নীতির আলাদাভাবে তদন্ত চালাচ্ছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই মামলায় নতুন করে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তাঁর বান্ধবীকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    দীর্ঘদিন জেলবন্দি পর সম্প্রতি জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তার আগে জামিনে মুক্তি পান অর্পিতা মুখোপাধ্যায়ও। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই দুই সংস্থাই।

    পাশাপাশি এসএসসি দুর্নীতি মামলায়ও ইডি চার্জশিট দিয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু তদন্ত চলাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় পার্থ ও অর্পিতার নাম উঠে আসায় ফের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে ইডি সূত্রে।

    মঙ্গলবার দোল এবং বুধবার হোলি রয়েছে। চলতি সপ্তাহে ছুটির মেজাজ রাজ্যজুড়ে। ফলে, সব মিটলে আগামী সপ্তাহেই তাঁদের দুজনকে ডাকা হতে পারে বলে জানা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে।
  • Link to this news (আজকাল)