• উত্তপ্ত মধ্যপ্রাচ্য, কলকাতা থেকে বাতিল একাধিক বিমান
    আজকাল | ০২ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্য জুড়ে বর্তমান যুদ্ধ পরিস্থিতির জেরে কলকাতা থেকে একাধিক আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, অ্যারাইভাল এবং ডিপারচার উভয় ক্ষেত্রেই বেশ কয়েকটি বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছে।

    দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটসের মোট ৮টি বিমান বাতিল করা হয়েছে। যার মধ্যে ৪টি অ্যারাইভাল এবং ৪টি ডিপারচার। একইভাবে কাতার এয়ারওয়েজের ২টি অ্যারাইভাল ও ২টি ডিপারচার মিলিয়ে মোট ৪টি উড়ান বাতিল করা হয়েছে। এথিয়াড এয়ারওয়েজের ক্ষেত্রেও ২টি অ্যারাইভাল ও ২টি ডিপারচার বাতিল হয়েছে।

    এছাড়া এয়ার আরব এবং ফ্লাই দুবাই এই দুটি বিমান সংস্থার ১টি করে অ্যারাইভাল ও ১টি করে ডিপারচার বিমান বাতিল করা হয়েছে।

    যুদ্ধ পরিস্থিতির জেরে আকাশপথে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। যাত্রীদের নিজেদের নির্ধারিত উড়ানের লেটেস্ট আপডেট জানার জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

    ইজরায়েল–ইরান সংঘাতের জেরে পশ্চিম এশিয়ার আকাশপথে অস্থিরতা তৈরি হওয়ায় ভারতীয় ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি সতর্ক অবস্থানে রয়েছে।

    একাধিক দেশের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় ভারত–পশ্চিম এশিয়া এবং ইউরোপ/আমেরিকাগামী কিছু রুটে ফ্লাইটের সময় বৃদ্ধি, বিকল্প পথে উড়ান, এমনকি বাতিল ও স্থগিতের মতো সিদ্ধান্ত নিতে হচ্ছে বিমান সংস্থাগুলিকে।

    ইজরায়েলের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার পর ২৮ ফেব্রুয়ারি দিল্লি থেকে তেল আভিভগামী এয়ার ইন্ডিয়ার AI139 ফ্লাইট মাঝপথ থেকে ঘুরিয়ে মুম্বইয়ে ফেরানো হয়।

    এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানায়, “যাত্রী ও ক্রুদের নিরাপত্তার স্বার্থে এবং ইজরায়েলের আকাশসীমা বন্ধ থাকায় দিল্লি–তেল আভিভ ফ্লাইটটি ভারতে ফিরিয়ে আনা হয়েছে।”

    সংস্থা আরও জানায়, সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখতে তারা বদ্ধপরিকর এবং পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

    অন্যদিকে ইন্ডিগো তাদের ভ্রমণ পরামর্শে জানিয়েছে, তারা ইরান ও তার আকাশসীমা সংক্রান্ত পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর রাখছে। সংস্থার তরফে যাত্রীদের উড়ানের আগে ফ্লাইটের স্ট্যাটাস পরীক্ষা করার অনুরোধ করা হয়েছে। পরিস্থিতি বদলালে যোগাযোগ মাধ্যমে দ্রুত আপডেট পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

    সংঘাতের জেরে পশ্চিম এশিয়ার একাধিক দেশের আকাশসীমা প্রভাবিত হয়েছে। কাতার এয়ারওয়েজ কাতারের আকাশসীমা বন্ধ হওয়ায় সাময়িকভাবে ফ্লাইট স্থগিতের কথা জানিয়েছে।

    তুর্কিশ এয়ারলাইন্স ২৮ ফেব্রুয়ারি কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানগামী পরিষেবা বাতিল করেছে এবং ২ মার্চ পর্যন্ত লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানে উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

    বুলগেরিয়া এয়ার ২ মার্চ পর্যন্ত তেল আভিভের সমস্ত উড়ান বাতিল করেছে। ভার্জিন অ্যাটলান্টিক জানিয়েছে, তারা সাময়িকভাবে ইরাকি আকাশপথ এড়িয়ে চলবে। এছাড়া এয়ার ফ্রান্স ২৮ ফেব্রুয়ারি তেল আভিভ ও বেইরুটের ফ্লাইট বাতিল করেছে।

    ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটব়্যাডার২৪ জানিয়েছে, বহু উড়ান বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, কাজান–দুবাই FZ984 ফ্লাইটটি বাকুতে ডাইভার্ট করা হয়। শিকাগো–দিল্লি, শারজা–মস্কো কিংবা দুবাই–সান ফ্রান্সিসকোর মতো দীর্ঘ দূরত্বের উড়ানও নতুন রুট ধরে চলেছে।
  • Link to this news (আজকাল)