'তৃণমূলকে ক্ষমতায় আনলে ভাইপো শাসক হবে...', মথুরাপুরে দাবি শাহের
আজ তক | ০২ মার্চ ২০২৬
বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিতে রাজ্য়ে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রায়দিঘিতে যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার।
রাজ্য বিজেপির 'পরিবর্তন যাত্রা'র উদ্বোধন করার আগে সমাজ মাধ্যমে বাংলায় পোস্ট করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন শাহ। তিনি লেখেন, 'তৃণমূল কংগ্রেসের কুশাসনে বিপর্যস্ত বাংলার জনগণ এখন পরিবর্তন চাইছে। এই জনসঙ্কল্পকে আরও শক্তিশালী ও মুখর করে তুলতে বাংলার বিজেপি ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে। আজ দক্ষিণ ২৪ পরগনা থেকে ‘পরিবর্তন যাত্রা’র উদ্বোধনী কর্মসূচিতে কর্মীদের সঙ্গে উপস্থিত থাকব। এই যাত্রার মাধ্যমে বিজেপির কর্মীরা রাজ্যের প্রতিটি প্রান্তে ‘অনুপ্রবেশমুক্ত বাংলা’র অঙ্গীকার পৌঁছে দেবেন।'
চাকরিতে ৫ বছরের ছাড়
বিজেপি সরকার হলে যুবকদের চাকরিতে ৫ বছরের ছাড় দেওয়া হবে। ঘোষণা করলেন অমিত শাহ। বললেন, আমরা ক্ষমতায় এলেই সপ্তম পে কমিশন করব।
অভিষেককে মুখ্যমন্ত্রী বানাতে চায়
সারা দেশে পরিবারতন্ত্র চলছে। এটা শেষ করতে হবে। এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানাতে চান।
বাংলায় বাবরি মসজিদ তৈরি হচ্ছে
বাংলায় কি বাবরি মসজিদ হওয়া উচিত? প্রশ্ন তুললেন অমিত শাহ। হুমায়ুন কবীরকে দিয়ে চক্রান্ত করে এমনটা করান হচ্ছে। হুমায়ুন ও মমতা একই মুদ্রার দুই পিঠ। হুমায়ুন কবীরকে পরিকল্পনা করেই বাইরে বার করে বাবরি মসজিদ তৈরি করার ষড়যন্ত্র করা হয়েছে।
ভাইপো তুলে আক্রমণ
তৃণমূলকে ক্ষমতায় আনলে ভাইপো শাসক হবে। আপনারা কি ভাইপোর শাসক চান? প্রশ্ন তোলেন অমিত শাহ। ভাইপোর নেতৃত্বে পশ্চিমবঙ্গে দুর্নীতিচলছে বলে অভিযোগ অমিত শাহের।
মমতার আমলে তলানিতে উন্নয়ন
কংগ্রেস ও সিপিএম উন্নয় করেনি। এখন তৃণমূল সরকার তলানিতে পৌঁছে দিয়েছে উন্নয়নকে। একমাত্র বিজেপিই গড়তে পারে সোনার বাংলা।
রাজ্যে পরিবর্তন আনতে হবে
অমিত শাহ বলেন, রাজ্যের ৯ জায়গা থেকে থেকে পরিবর্তন যাত্রা হচ্ছে। আরও একটা ধাক্কা দিতে হবে। তৃণমূলকে বিদায় করতে হবে। নতুন সরকার গড়তে হবে।
মুখ্যমন্ত্রী বদল আমাদের লক্ষ্য নয়
অমিত শাহ বক্তব্য রাখতে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রী বদলাতে আমরা আসিনি। পরিবর্তন জনতাই করবে। আমরা অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিদায় করবই।