• পরিবর্তন যাত্রায় BJP নেতাদের মাছ, মাংস খাওয়ান, নিদান অভিষেকের, 'জামাই আদরের' নির্দেশ
    আজ তক | ০২ মার্চ ২০২৬
  • Abhishek Banerjee Speech: 'বিজেপি নেতারা এলাকায় এলে মাছ-মাংস রেঁধে খাওয়ান,' TMC কর্মীদের এমনই 'পরামর্শ' দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তাঁর নিদান, পরিবর্তন যাত্রার মিছিল এলাকায় আসার আগেই যেন 'ডিম-মাছ-মাংস' নিয়ে অপেক্ষা করেন তৃণমূল কর্মীরা। সোমবার নজরুল মঞ্চে 'তফসিলি সংলাপ' কর্মসূচির সূচনা করেন অভিষেক। সেখানেই কড়া ভাষায় বিজেপিকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের কটাক্ষ, 'বিজেপির বিহারের উপমুখ্যমন্ত্রী বলছেন, মাছ-মাংস খাওয়া যাবে না। আপনাদের এলাকা দিয়ে যখন এরা পরিবর্তন যাত্রা করবে, তখন একটু মাছ-মাংস-ডিম রান্না করে দাঁড়িয়ে থাকবেন। না খেলে না খাবেন। অতিথি দেব ভব; আমাদের কৃষ্টি-সংস্কৃতি তো সেটাই শেখায়। বাইরে থেকে কেউ এলে আমরা আপ্যায়ন করি।'

    ‘খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ গণতন্ত্রবিরোধী’
    অভিষেকের দাবি, ভোট চাওয়ার আগে থেকেই মানুষের ব্যক্তিগত পছন্দে হস্তক্ষেপ করছে বিজেপি। তাঁর কথায়, 'বাংলায় কে মাছ-মাংস খাবে তা বিহারের উপমুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন? এ শুধু ভোট চাওয়া নয়, ভোটের পর মানুষ কী খাবে তাও ঠিক করে দিচ্ছে সেই রাজনৈতিক দল। গণতন্ত্রে এটা কখনও মেনে নেওয়া যায় না।'

    রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খাদ্যাভ্যাসের প্রশ্নে বাঙালির আবেগকে সামনে রেখে বিজেপিকে চাপে ফেলতেই এই কৌশল তৃণমূলের। বিশেষ করে গ্রামীণ ও তফসিলি সমাজে খাদ্যসংস্কৃতি নিয়ে হস্তক্ষেপের ইস্যু ভোটের আগে বড় রাজনৈতিক বার্তা বহন করতে পারে।

    নজরুল মঞ্চে 'তফসিলি সংলাপ'
    বিধানসভা নির্বাচনের আগে তফসিলি জাতি (SC) ও তফসিলি উপজাতি (ST)-র নেতা-প্রতিনিধিদের নিয়ে এদিন সভার আয়োজন করা হয়। দলীয় সূত্রে খবর, তৃণমূলের এসসি ও এসটি সেলের নেতৃত্ব, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, জেলা স্তরের নেতৃত্ব, এমনকি ত্রিস্তরীয় পঞ্চায়েতের এসসি-এসটি সদস্যদেরও এই মিটিংয়ে উপস্থিত থাকতে বলা হয়েছিল।

    এসসি সাংসদ ও বিধায়কদেরও সভায় হাজির থাকতে বলা হয়। রাজনৈতিক মহলের মতে, তফসিলি ভোটব্যাঙ্ক ধরে রাখতে এবং বিজেপির 'পরিবর্তন যাত্রা'র পাল্টা বার্তা দিতে এই কর্মসূচি তাৎপর্যপূর্ণ।

    বিশ্লেষকদের মতে, বিজেপির 'পরিবর্তন যাত্রা'র পাল্টা অবস্থান নিতে চাইছে TMC। ভোটের মুখে অভিষেকের এই 'নিদান' যে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দেবে, তা বলাই যায়। এখন , বিজেপি এ বিষয়ে পাল্টা কী জবাব দেয় সেটাই দেখার।
  • Link to this news (আজ তক)