২০২১ সালের নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসন থেকে লড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই কেন্দ্রে পরাজিত হওয়ার পরে উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়েন তিনি। প্রায় ৫৯ হাজার ভোটে জেতেন তিনি। ভবানীপুর কেন্দ্রকে বিশেষ টার্গেট করে প্রচার কৌশল সাজাচ্ছে বিজেপি। সোমবার নেতাজি ইন্ডোরের একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, ‘আমি ভবানীপুরে জিতব, একটা ভোটে হলেও জিতব।’
দোলের আগে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এ দিনের অনুষ্ঠান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধনের পাশাপাশি SIR-এর কারণে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেন মুখ্যমন্ত্রী। তবে, এ দিনের মঞ্চেও মমতার বক্তব্যে উঠে আসে SIR-এর বিরুদ্ধে প্রতিবাদ। মমতা বলেন, ‘যাঁরা এই দেশের যোগ্য ভোটার, তাঁদের প্রত্যেকের নাম যাতে তালিকায় থাকে, সেই অধিকার সকলের আছে। কিন্তু কেন্দ্রীয় সরকার পক্ষপাতদুষ্ট, এই নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। ভ্যানিশ কুমার (মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ) ভোটারদের ভ্যানিশ করে দিতে চাইছেন। দেশের সংবিধান সঙ্কটে রয়েছে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমি এটার তীব্র প্রতিবাদ করি।’
এর পরেই মমতার বক্তব্যে উঠে আসে ভবানীপুর কেন্দ্রের কথা। তিনি বলেন, ‘ভবানীপুর একটা ছোট কেন্দ্র। ২.৬ লক্ষ ভোটার আছেন। আগে ৪৪ হাজার বাদ গিয়েছিল। এখন ১৪ হাজার বাদ গিয়েছে। আমি চেষ্টা করেছি, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে নির্বাচন কমিশন, মৃতদের পরিবারকে নিয়ে শান্তিপূর্ণ ভাবে সহযোগিতা করেছি। আজকে আমি বলছি, যোগ্য ভোটারদের না তুলে কমিশন আগেই নির্বাচন করতে চাইছে। বাংলার মানুষ তৈরি আছে জবাব দিতে।’ এর পরেই আগামী নির্বাচন নিয়ে মমতার বক্তব্য, ‘আমি ভবানীপুর থেকে জিতব। এক ভোটে হলেও জিতব।’
উল্লেখ্য, ভবানীপুর কেন্দ্রের খসড়া তালিকায় ছিল ১ লক্ষ ৬১ হাজার ৫২৫ জনের নাম। নতুন তালিকায় তা কমে হয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ২০১ জন। ‘বিচারাধীন’ রয়েছেন ১৪ হাজার ১৫৪ জনের নাম। অর্থাৎ, এখনও পর্যন্ত কমেছে ২,৩২৪ জনের নাম।
উল্লেখ্য, ১ মার্চ থেকেই রাজ্যে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বঙ্গ বিজেপি শিবির। সোমবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে এই কর্মসূচির সূচনায় হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ছাড়াও রাজ্যের একাধিক জায়গায় ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করে বিজেপি। নেতাজি ইন্ডোরের সভা থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ নিয়েও কটাক্ষ করেন মমতা। তাঁর কথায়, ‘ বাংলায় এই রথযাত্রা ওঁদের বিনাশ যাত্রা হবে।’