বিধানসভা ভোটের (Assembly Election 2026) আগে তৃণমূলের নতুন কর্মসূচি ‘তফসিলি সংলাপ’। সোমবার নজরুল মঞ্চ থেকে এই জনসংযোগ কর্মসূচির সূচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তফশিলি জাতি ও তফশিলি উপজাতি (SC ST) সম্প্রদায়ের মানুষের জন্য এই কর্মসূচি। আগামী ৬০ দিন ধরে এই কর্মসূচি চলছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে ২-৩ জন নেতা প্রতিদিন অন্তত তিনটি স্থানে যাবেন। তাঁদের সঙ্গে থাকবেন একজন গ্রাউন্ড রিসোর্স ম্যানেজার (GRM)।
এর জন্য থাকবে একটি প্রচার গাড়ি। জেলা ও ব্লক স্তরের তফসিলি জাতি ও তফসিলি উপজাতির নেতারা সেই গাড়িতে নির্বাচিত এলাকায় যাবেন। মূলত যে সমস্ত এলাকায় তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সম্প্রদায়ের মানুষের হার বেশি, সেখানেই যাবেন তাঁরা। মানুষের সঙ্গে জনসংযোগ করবেন। বোঝাবেন, বছরভর বিজেপি মানুষের পাশে থাকে না, নির্বাচনের সময়ে যাতায়াত বাড়ান। বিজেপিশাসিত রাজ্যগুলিতে SC ST মানুষদের কী অবস্থা, সে কথাও বলবেন তাঁরা। সেখানকার মানুষের হাতে তুলে দেবেন একটি পুস্তিকাও।
এ দিনের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৬ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কর্মসূচি। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি। তিনি যখন পথ দেখিয়েছেন, আমাদের পথে থাকতে হবে, মানুষের জন্য রাস্তায় নামতে হবে। সর্বশক্তি প্রয়োগ করে লড়তে হবে। যে দল ২৪০টা আসন নিয়ে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান পাল্টাতে চায়, সেই দল ক্ষমতায় এলে আম্বেদকর যে সংবিধানের মাধ্যমে SC STদের অধিকার দিয়েছিলেন, সেই অধিকার থেকে বঞ্চিত হবেন। বিজেপির নেতা, বন্ধুরা, আরএসএসের মতো সংগঠন বলছে সংরক্ষণ তুলে দিতে হবে। সংরক্ষণ তুলে দিলে সব থেকে ক্ষতিগ্রস্ত হবেন তফসিলিরা।’
অভিষেক সকলকে বুথে বুথে, বাড়ি বাড়ি যাওয়ার বার্তা দেন। একাধিক তফসিলি প্রতিনিধির নাম বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন। জানান, ২৫০-র বেশি ফোন পেয়েছেন। যেখানে বলা হচ্ছে, জীবিতদের মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। অভিষেক বলেন, ‘আপনার ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি। ভূ-ভারতে কোনও দিন এই জিনিস হয়নি। এর বিরুদ্ধে আমাদের লড়াই। এরা ভাবছে মানুষের নাম বাদ দিয়ে আমরা ক্ষমতায় আসব। যত ক্ষমতা আছে প্রয়োগ করুক।’ বিজেপির রথযাত্রা কর্মসূচিকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘আপনারা থাকবেন রথে, আমরা থাকব পথে। মানুষের জন্য পথে থাকব আমরা।’