• শাহি-সভার পালটা, ৮ মার্চ রায়দিঘিতে সভা অভিষেকের
    আজকাল | ০৩ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার,  রায়দিঘির মথুরাপুরে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক একই জায়গায় দাঁড়িয়ে, শাহি-সভার পালটা সভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ৮ মার্চ, রবিবার, রায়দিঘিতে সভা অভিষেকের। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর তেমনটাই। 

    সোমবার, বাংলায় এসে সভামঞ্চ থেকে একের পর এক ইস্যুতে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারকে আক্রমণ করেন শাহ। যুব সমাজের উদ্দেশে তিনি ঘোষণা করেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে সরকারি চাকরির ক্ষেত্রে বয়সসীমায় পাঁচ বছরের ছাড় দেওয়া হবে। তাঁর দাবি, এই রাজ্যে দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির কারণে বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন। বিজেপি সরকার গঠন করলে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

    এদিন 'পরিবারতন্ত্র' ইস্যুতেও সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, সারা দেশে পরিবারতন্ত্রের রাজনীতি চলছে এবং পশ্চিমবঙ্গেও সেই প্রবণতা স্পষ্ট। পাশাপাশি রাজ্যে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে বলেও অভিযোগ তোলেন। ধর্মীয় মেরুকরণ প্রসঙ্গেও মন্তব্য করেন অমিত শাহ। তিনি প্রশ্ন তোলেন, বাংলায় কি বাবরি মসজিদ হওয়া উচিত? তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে চক্রান্ত করা হচ্ছে এবং রাজ্য সরকার তা মদত দিচ্ছে। 

    অন্যদিকে, সোমবার ভোটমুখী বাংলায় বড় বার্তা দিয়েছেন অভিষেক নিজেও। সোমবার নজরুল মঞ্চে অভিষেকের গলায় ২৫০-এর বেশি আসন পাওয়ার প্রত্যয়। তবে, এই ভোটে তৃণমূলের নজরে যে তফশিলি ভোট, তা বোঝা গিয়েছিল আগেই। নজর ছিল, 'তফশিল সংলাপ'-এ অভিষেকের বক্তব্যের দিকে। অভিষেক বলেন, 'তফশিলি জাতির ক্ষেত্রে নির্যাতন ও আক্রমণের ঘটনায় গোল্ড মেডেল উত্তরপ্রদেশ, সিলভার মেডেল রাজস্থান ও ব্রোঞ্জ মেডেল পেয়েছে মধ্যপ্রদেশ। এই তিনটে তথ্য কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের।' ভোটমুখী বাংলায়, সোমবার, নজরুল মঞ্চ থেকে দলের নেতা কর্মীদের নয়া কর্মসূচি বুঝিয়ে দিলেন অভিষেক। তিনি বলেন,  রাজ্যে ৮৪ বিধানসভা আছে এস সি, এসটি সমন্বিত। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা, ওই জায়গাগুলিতে গিয়ে বোঝাতে হবে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমীর আনা এক।

     
  • Link to this news (আজকাল)