• দু’দিনে বৃদ্ধি ৫ ডিগ্রি, মার্চের শুরুতেই অস্বস্তিকর রাতের তাপমাত্রা
    এই সময় | ০৩ মার্চ ২০২৬
  • এই সময়: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় পাঁচ ডিগ্রি বেড়ে গেল শহরের রাতের তাপমাত্রা। ২৮ ফেব্রুয়ারি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস। সেই তাপমাত্রা ছিল একেবারে স্বাভাবিক পর্যায়ে। কিন্তু তার পর দিন অর্থাৎ ১ মার্চ শহরের রাতের তাপমাত্রা ২৩ ডিগ্রি এবং সোমবার ভোররাতে আরও বেড়ে ২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি উপরে ছিল। প্রাকৃতিক নিয়মেই সূর্য ডোবার পরে আপেক্ষিক আর্দ্রতা বাড়তে শুরু করে। রাতের তাপমাত্রার স্বাভাবিকের এতটা উপরে থাকার পাশাপাশি সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশের বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে গোটা রাত।

    চড়া রোদ সত্ত্বেও দক্ষিণবঙ্গের দিন এখন রাতের চেয়ে বেশি স্বস্তিদায়ক। অন্তত আর্দ্রতাজনিত অস্বস্তি দিনের বেলা অনেকটাই কম। আবহবিদরা জানাচ্ছেন, উত্তর দিক থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়া অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ঠিকই, কিন্তু এখনও পুরোপুরি ‘মরে’ যায়নি। তাই শুকনো ওই হাওয়ার প্রভাবে দিনে আপেক্ষিক আর্দ্রতা নেমে যাচ্ছে ৩৫ শতাংশের কাছাকাছি জায়গায়।

    শুকনো গরমে তাই শীতকালের মতোই ঠোঁট ফাটছে। শুধু কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে নয়, গোটা দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই পরিস্থিতি প্রায় একই রকম। ইতিমধ্যে পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তবে দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিক বা তার চেয়ে সামান্য হলেও নীচে রয়েছে। কিন্তু গত কয়েক দিনে রাতের তাপমাত্রার বৃদ্ধি বেশ চিন্তার। মার্চের শুরুতেই যদি এমন হয়, তা হলে পরের দিকে কী হবে, সে নিয়ে আশঙ্কা বাড়ছে!

    আগামী দিনের যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেটা শুধু বাংলা নয়, দেশের কোনও জায়গার পক্ষেই সুখকর নয়। এ বছর গ্রীষ্মে গোটা দেশের তাপমাত্রাই গড় তাপমাত্রার চেয়ে উপরে থাকতে চলেছে। আগামী কয়েক মাস কেমন কাটবে, মার্চের শুরুই যেন খানিক জানান দিচ্ছে।

  • Link to this news (এই সময়)