পরিবর্তন যাত্রা শুরু হলেও দেখা নেই বিজেপির রথের, নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা! আজব দাবি পদ্মের
বর্তমান | ০৩ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার থেকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। কিন্তু যাত্রা শুরুর একদিন পরেও কোচবিহারে এসে পৌঁছল না বিজেপির সেই রথ। রাজ্যে বিধানসভা ভোটের আগে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের হাত ধরে রাসমেলা ময়দানে রবিবারই হয়েছে পরিবর্তন যাত্রার সূচনা। যদিও বিজেপি জেলা নেতাদের দাবি, মঙ্গলবার রথ চলে আসবে। রথটি শিলিগুড়িতে রাখা আছে। ৫ তারিখ সেই রথ জায়গায় জায়গায় যাবে। যদিও খোঁজ নিয়ে জানা গিয়েছে সেই রথ শিলিগুড়িতেও আসেনি। পাশাপাশি রথের ক্ষতি করে দেওয়ার আশঙ্কা করেছেন বিজেপি নেতারা। এদিকে, বিরোধীরা কটাক্ষ করে বলছে, বিজেপি তাদের রথই আনতে পারল না। চাকা ঘোরাবে কী করে।
এমনিতেই নীতিন নবীনের সভায় লোক না হওয়ায় মুখ পুড়েছে বিজেপির। জেলায় পদ্ম পার্টির সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে চলে এসেছে। কঙ্কালসার এই সাংগঠনিক কাঠামো নিয়ে কীভাবে বিজেপি নির্বাচনে নামবে তা নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, দলের পক্ষ থেকে আগেই ঘটা করে ঘোষণা করা হয়েছিল, বিজেপির এই রথযাত্রা ১ মার্চ কোচবিহার থেকে শুরু হবে। সেই অনুযায়ী সমস্ত প্রস্তুতি নিয়ে ওই দিন সভা হয়। কিন্তু যে রথকে কেন্দ্র করে এই পরিবর্তন যাত্রা সেই রথ কোথায়, পরিষ্কার জানে না জেলা বিজেপি নেতৃত্বে।
বিজেপির জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, আসলে এখানে রথ নিয়ে এসে রাখার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। নষ্ট করে দেওয়ার আশঙ্কা করেছেন তিনি। ৫ মার্চের যাত্রার আগেই রথ কোচবিহারে চলে আসবে বলে জানান সঞ্জয়বাবু। বলেন, সিতাই, দিনহাটা সহ আরও কয়েকটি জায়গা থেকে গাড়ি না আসায় পরিবর্তন যাত্রার সভায় লোক হয়নি। আমরা মনে করি, এসবের প্রভাব আসন্ন নির্বাচনে পড়বে না।
কোচবিহারে বিজেপির ছ’জন বিধায়ক। তার পরেও দলের সর্বভারতীয় সভাপতির সভায় লোক জমায়েত করতে ব্যর্থতার কথা কার্যত স্বীকার করে নিয়েছে জেলা নেতৃত্ব। বিপুল টাকা খরচ করেও কেন সভায় লোক হল না, তা নিয়ে চলছে চর্চা। কোচবিহার দক্ষিণের বিধায়ক বিজেপির নিখিলরঞ্জন দে বলেন, ৩ মার্চ মূল রথ আসবে। ৫ মার্চ থেকে সেই রথ রওনা দেবে।
যদিও জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের কটাক্ষ, ওরা লোক জমায়েত করতে ব্যর্থ। তাই রবিবারের সভা সুপার ফ্লপ ছিল। পরিবর্তন যাত্রা নাম দিলেও নির্দিষ্ট ওই দিনে রথের চাকাই ঘোরাতে পারল না ওরা। নষ্ট করে দেওয়ার আশঙ্কার আজব সাফাই উড়িয়ে দিয়েছেন অভিজিৎ দে ভৌমিক।