• রুফটপ রেস্তোরাঁয় অগ্নি–বিধি কার্যকরে সময় দিচ্ছে পুরসভা
    এই সময় | ০৩ মার্চ ২০২৬
  • এই সময়: অগ্নিসুরক্ষা বিধি কার্যকরে কলকাতার রুফটপ রেস্তোরাঁগুলিকে অতিরিক্ত সময় দিচ্ছে পুরসভা। রুফটপ রেস্তোরাঁর অগ্নিসুরক্ষা বিধি কার্যকর করা নিয়ে পুরসভার তরফে যে তৎপরতা শুরু হয়েছিল গোড়ায়, এখন তুলনায় ধীরে চলো নীতিতে চলার সিদ্ধান্ত হয়েছে। গত ডিসেম্বরে শহরের বন্ধ রুফটপ রেস্তোরাঁগুলি পরিদর্শন করেছিলেন পুর–আধিকারিকরা। রেস্তোরাঁর মালিকপক্ষকে দ্রুত অগ্নিসুরক্ষা বিধি কার্যকর করার নির্দেশও দিয়েছিলেন।

    পুরসভার বিল্ডিং বিভাগের একটি সূত্র জানাচ্ছে, পরিদর্শনকারীরা দেখেন, ১২টির মতো রুফটপ রেস্তোরাঁ অগ্নিসুরক্ষা বিধি কার্যকর করেছে। তবে অধিকাংশ রেস্তোরাঁর মালিক পুর–পরিদর্শনকারীদের জানান, রাতারাতি বিধি কার্যকর করতে গেলে যে পরিমাণ খরচ হবে, তার থেকে রেস্তোরাঁ বন্ধ রাখাই ভালো। এর পরেই রুফটপ রেস্তোরাঁয় অগ্নিসুরক্ষা বিধি কার্যকর করা নিয়ে ধীরে চলো নীতি নেওয়া হয় পুরসভার তরফে।

    ডিসেম্বরে পুর–পরিদর্শনকারীরা চৌরঙ্গি, পার্ক স্ট্রিট, জওহরলাল নেহরু রোড, ক্যামাক স্ট্রিট, গোল পার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ এলাকার কিছু রুফটপ রেস্তোরাঁয় অভিযান চালিয়েছিলেন। এক পুর–আধিকারিক জানান, এখনও রুফটপ রেস্তোরাঁর উপরে নজর রাখা হবে। অগ্নিসুরক্ষা বিধির কাজ কতটা এগোলো, তার আপডেট নিয়মিত রাখা হবে। তবে বিধি কার্যকর করার জন্যে আগের মতো তাড়াহুড়ো করা হবে না। রেস্তারাঁর মালিকদের বিধি কার্যকর করতে সময় দেওয়া হবে। যাতে তাঁরা ধীরেসুস্থে কাজ গুছিয়ে নিতে পারেন।

    গত বছর ২৯ এপ্রিল রাতে বড়বাজারের মেছুয়ার ফলপট্টিতে এক হোটেলে আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়েছিল। এর পরেই পুরসভা অগ্নিবিধি না মানার অভিযোগ তুলে শহরে রুফটপ রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কলকাতা পুলিশের কাছ থেকে পাওয়া তালিকা অনুযায়ী শহরে ৮৩টি রুফটপ রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল পুরসভা। প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পরে গত বছর দুর্গাপুজোর আগে একাধিক শর্ত বেঁধে কিছু রুফটপ রেস্তোরাঁ খোলার অনুমতি দেয় পুরসভা।

  • Link to this news (এই সময়)