• রঙের উৎসবে অলিগলিতে টহলদারি, দুর্ঘটনা রুখতে কড়া নজর পুলিশের
    এই সময় | ০৩ মার্চ ২০২৬
  • ই সময়: দোল–হোলিতে শহরের অলিগলিতে এ বার নজরদারি বাড়াচ্ছে কলকাতা পুলিশ। এই দু’দিন প্রধান সড়কগুলোর বদলে অলিগলিতে অভব্যতা এবং বেআইনি কার্যকলাপের অভিযোগ ওঠে। সে কথা মাথায় রেখে শহরের বেশ কয়েকটি থানা এলাকায় অপরিসর গলিগুলোকে কড়া নজরদারির আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে মঙ্গল এবং বুধবার বেপরোয়া বাইক আরোহীদের নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন প্রান্তে থাকছে পুলিশ পিকেট। উৎসবের আনন্দ যাতে ভেস্তে না যায়, তা নিশ্চিত করতেই শহর জুড়ে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে লালবাজার।

    দোল এবং হোলির দিনে মদ্যপ অবস্থায় ট্র্যাফিক আইন ভাঙা, হেলমেট ছাড়া বেপরোয়া বাইক চালানোর ঘটনা ঘটে। সেই অভিজ্ঞতা থেকে এ বছর আগাম সতর্কতা নিয়েছে পুলিশ। গত শনিবার বিশেষ নিবিড় সংশোধনের (সার) তালিকা প্রকাশ হয়েছে। উৎসবের মরশুমে সার তালিকা প্রকাশের পরে কলকাতার কয়েকটি এলাকায় চাপা উত্তেজনাও রয়েছে। ওই এলাকায় যাতে শান্তি বজায় থাকে, সে দিকেও গুরুত্ব দিচ্ছে লালবাজার।

    জানা গিয়েছে, শহরের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এলাকাগুলোকে চিহ্নিত করে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। তা ছাড়াও এসি পদমর্যাদার অফিসারদের তত্ত্বাবধানে পিসিআর ভ্যান এবং মোটরবাইক টহলের উপরে জোর দেওয়া হয়েছে। সাদা পোশাকেও থাকবে পুলিশি নজরদারি। শহরের প্রতিটি ফ্লাইওভারে দু’দিন নির্দিষ্ট সময়ে বাইক উঠতে দেওয়া হবে না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রঙ খেলার পরে অনেকেই পুকুর এবং নদীতে স্নান করতে নামেন। মদ্যপ অবস্থায় তলিয়েও যান। সে কারণে পুকুর, নদীর ঘাট ও জলাশয় সংলগ্ন এলাকায় পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে।

  • Link to this news (এই সময়)