ঝাড়খণ্ড মানেই শুধু রাঁচি বা দেওঘর নয়—এই রাজ্যে লুকিয়ে আছে বহু অফবিট রত্ন। তিন দিনের ছোট্ট ট্রিপে আপনি প্রকৃতি, ইতিহাস আর নির্জনতার অসাধারণ মেলবন্ধন উপভোগ করতে পারেন। ঝাড়খণ্ডের অফবিট সৌন্দর্যের স্বাদ নিতে নেতারহাট এবং বেতলা হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য। ছোটনাগপুরের রানি নেতারহাট এবং বন্যপ্রাণীতে ঘেরা বেতলা মিলিয়ে তিন দিনের দারুণ একটা ট্রিপ হয়।
সকালে রাঁচি পৌঁছে গাড়ি ভাড়া করে নেতারহাটের পথে রওনা দিন, দূরত্ব প্রায় ১৫৫ কিমি। পথে দেখে নিন পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা ঝাড়খণ্ডের সর্বোচ্চ লোধ জলপ্রপাত। লোয়ার ঘাঘরি ফলস, আপার ঘাঘরি ফলস দেখে নিন। বিকেলে পৌঁছে নেতারহাটের বিখ্যাত ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখুন। রাতে নেতারহাটে রাত কাটান।
ভোরবেলা কোয়েল ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় দেখে নিন। এরপর জলখাবার সেরে দেখে নিন পাইন ফরেস্ট এবং নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল। দুপুরে রওনা দিন বেতলার উদ্দেশ্যে, দূরত্ব প্রায় ৯০ কিমি। পথে কেওচকি সঙ্গম, উত্তর কোয়েল ও অওরঙ্গা নদীর মিলনস্থল, দেখে সন্ধেয় বেতলা পৌঁছান।
ভোরে বেতলা ন্যাশনাল পার্কে জঙ্গল সাফারি করুন। এখানে হাতি, হরিণ এবং নীলগাইয়ের দেখা পাওয়ার সম্ভাবনা বেশি। এরপর ঐতিহাসিক পালামৌ দুর্গ দেখে দুপুরের পর রাঁচি স্টেশনের দিকে রওনা দিন। পথে সময় থাকলে চোখ জুড়ানো পত্রাতু ভ্যালি ঘুরে নিতে পারেন।