• যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, বাস-ইকো ভ্যানের সংঘর্ষে মৃত ৬, জখম বহু
    এই সময় | ০৩ মার্চ ২০২৬
  • মঙ্গলবার সাতসকালে উত্তরপ্রদেশের হাতরাসে যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত কমপক্ষে ছয় এবং গুরুতর জখম আরও নয়। ঘটনাটি ঘটেছে সাদাবাদ থানা এলাকার ১৪১ নম্বর মাইলস্টোনের কাছে। একটি দ্রুতগামী ইকো ভ্যান আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ডবল ডেকার বাসে সজোরে ধাক্কা মারে। যার জেরেই ঘটে দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে ছ’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আগ্রায় পাঠানো হয়েছে।

    সূত্রের খবর, মৃতদের মধ্যে রয়েছেন আগ্রার শামশাবাদের বাসিন্দা বিজয়, তাঁর স্ত্রী পিঙ্কি এবং নাথু দেবী। এ ছাড়াও মৃতদের তালিকায় রয়েছেন রাজস্থানের ঢোলপুরের বাসিন্দা দিনেশ, তাঁর স্ত্রী সুনিতা এবং লোকেশ। পুলিশ জানিয়েছে, ইকো ভ্যানের গতি এতটাই বেশি ছিল, যে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বাসটি কার্যত দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয় যাত্রীর। সংঘর্ষের বিকট শব্দে ছুটে আসেন স্থানী এবং পথচলতি মানুষ। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ এসে সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

    পুলিশ জানিয়েছে, ইকো ভ্যানের গতি অত্যন্ত বেশি ছিল এবং সেটি আগ্রার দিকে যাচ্ছিল। ভ্যানের চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে সজোরে ধাক্কা মারেন। দুর্ঘটনার জেরে যমুনা এক্সপ্রেসওয়েতে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। তবে বর্তমানে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

    ঘটনার তদন্তও শুরু করেছে সাদাবাদ থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভ্যানের গতি অত্যন্ত বেশি থাকার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে খতিয়ে দেখা হচ্ছে বাকি দিকগুলিও। জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁদের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)