এই সময়, রায়গঞ্জ: রিচা ঘোষের (Richa Ghosh) পর এবারে দেশের হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করা মহিলা অ্যাথেলিট সোনিয়া বৈশ্যর নাম ‘সার’–এর (SIR) 'বিচারাধীন' তালিকায়। রায়গঞ্জ পুরসভার ১০নং ওয়ার্ডের নেতাজী পল্লির বাসিন্দা সোনিয়া এশিয়ান গেমস (Asia Games), কমনওয়েলথ গেমস (Commonwealth Games)–সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ২০১৮–তে ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমসের ইনভিটেশনাল টুর্নামেন্টে ৪০০ মিটার দৌড় ও ৪০০ মিটার রিলে দৌড়ে সোনা পান। তাঁর পরিবারের সবার নাম তালিকায় থাকলেও সোনিয়ার নাম রয়েছে ‘বিচারাধীন’ তালিকায়।
তাঁর বাবা বরেন্দ্রকুমার বৈশ্য ও মা মমতা বৈশ্য ২০০১-২০১১ পর্যন্ত পালা করে রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর ছিলেন। ‘সার’–এর শুনানিতে ডাক পড়ে সোনিয়ার। ১৫ জানুয়ারি রায়গঞ্জ বিডিও অফিসে এসে আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট–সহ প্রয়োজনীয় নথি জমা করেন তিনি। তবু চূড়ান্ত তালিকায় তাঁর নাম ঝুলে রইল। বাবা বরেন্দ্র বলেন, ‘মেয়ে দেশের হয়ে আন্তর্জাতিক লেভেলে প্রতিনিধিত্ব করেছে। সোনাও জিতে এনেছে। সমস্ত ডকুমেন্টস জমা দেওয়ার পরেও কী ভাবে ওর নাম বিচারাধীন তালিকায় থাকে, সেটা ভেবে অবাক হচ্ছি। প্রশাসনের অবিলম্বে বিষয়টি দেখা উচিত।’ সোনিয়া বলেন, ‘আমরা যাঁরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি, তাঁদের নাম বিচারাধীন তালিকায় থাকাটা একেবারেই কাম্য নয়।’ এ বিষয়ে রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই ধরনের কেসগুলো সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারকদের তত্ত্বাবধানে রয়েছে। এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।’