এই সময়, তারাপীঠ: বীরভূমের তারাপীঠে ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis) ও অভিনেতা-বিজেপি (Bjp) নেতা মিঠুন চক্রবর্তী৷ বিভিন্ন ইস্যুতে মহারাষ্ট্রের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টেনে কটাক্ষ করলেন দেবেন্দ্র৷ ‘বাংলাদেশিরা এখানে এসে রোজগার করুক এটা চায় মমতা দিদি’— পরিবর্তন যাত্রা থেকে তোষণ-বেকারত্ব নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) এ ভাবেই নিশানা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী৷ পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ব্যাপক জোর দিয়েছে গেরুয়া শিবির৷
এই প্রথম বীরভূমে (Birbhum) আসেন দেবেন্দ্র। প্রথমে তারাপীঠ মন্দিরে পুজো দেন, পরে তারাপীঠের তারাপুর মাঠে জনসভা করেন তিনি। ছিলেন মিঠুন চক্রবর্তী, বিজেপির রাজ্য সহ-সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও অন্য নেতৃত্ব। দেবেন্দ্র-র আক্রমণ, ‘আগে ভারতের আর্থিক রাজধানী ছিল কলকাতা। এখন সেটা বদলে মুম্বই হয়েছে। বাংলার আর্থিক অবস্থা খারাপ, শিল্পপতিরা লগ্নি করছেন না৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় লগ্নি করতে ভয় পান। তাই এত বেকারত্ব বাড়ছে৷ বাংলার হাল ক্রমশ খারাপ হচ্ছে। এখন বিদেশি লগ্নি বাংলায় না এসে মহারাষ্ট্রে আসছে৷’ ‘সার’ ও বেকারত্ব নিয়ে কটাক্ষ করে দেবেন্দ্রর সংযোজন, ‘বাংলা থেকে মুম্বইয়ে গিয়ে কাজ করছেন যুবকরা৷ চিন্তা নেই এখানে আমরা তাঁদের সুরক্ষিত রাখব৷’
সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন বলেন, ‘আদিবাসীদের জন্য স্কুলে শিক্ষক পর্যন্ত নেই৷ অথচ মাদ্রাসার জন্য পাঁচ হাজার ৭১৩ কোটি টাকা দিয়েছেন৷ আর ৫০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নেই৷’ তিনি আরও বলেন, ‘আমাদের এই নির্বাচন জিততেই হবে৷’