• পুলিশের গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ২, জখম ৩
    এই সময় | ০৩ মার্চ ২০২৬
  • পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের ৬০ নম্বর জাতীয় সড়কে পথ-দুর্ঘটনা (Road Accident)। মৃত দুই এবং গুরুতর জখম তিন। মৃতদের নাম সমীর দোলই, তিনি পুলিশের NVF কর্মী। মৃত আমিন পুলিশের গাড়ির চালক। সোমবার রাতে দুর্ঘটনা কুবাই সেতুর নীচে। পুলিশের গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন। বাকিরা সেখানেই চিকিৎসাধীন।

    পুলিশ সূত্রে খবর, মেদিনীপুর পুলিশ লাইন থেকে একটি বোলেরো গাড়িতে চেপে পুলিশ কর্মীরা গড়বেতা থানায় ডিউটি করতে যাচ্ছিলেন। চন্দ্রকোনা রোড সংলগ্ন কুবাই সেতুর নীচে পৌঁছতেই ঘটে বিপত্তি। উল্টো দিক থেকে আসা একটি ট্রাক পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা মারে।

    সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পুলিশের গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, আহতদের অবস্থাও আশঙ্কাজনক। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

    পুলিশ ইতিমধ্যেই ট্রাকটি আটক করেছে। তবে ঘটনার পর থেকেই পলাতক চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে চন্দ্রকোনা রোড থানার পুলিশ। জাতীয় সড়কের উপর দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • Link to this news (এই সময়)