আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ায় ক্রমশ জটিল হয়ে উঠছে যুদ্ধ পরিস্থিতি। ইজরায়েল ও ইরানের সংঘাত এখনও জারি। পাশাপাশি ইরান-কে ঘিরে বাড়তি উত্তেজনা গোটা পশ্চিম এশিয়ার বাণিজ্য ব্যবস্থায় প্রভাব ফেলতে শুরু করেছে। তারই আঁচ পড়তে পারে বিশ্ববিখ্যাত দার্জিলিং চা রপ্তানিতে।
উত্তরবঙ্গের পাহাড়ি অর্থনীতির বড় ভরসা দার্জিলিং চা। প্রতি বছর ইউরোপ, জাপান ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশে এই চা রপ্তানি হয়। কিন্তু যুদ্ধ পরিস্থিতির জেরে জাহাজ চলাচলে অনিশ্চয়তা, বিমা খরচ বৃদ্ধি এবং আন্তর্জাতিক লেনদেনে জটিলতা তৈরি হওয়ায় রপ্তানিকারকরা আশঙ্কায় রয়েছেন, পশ্চিম এশিয়ায় ক্রেতারা অর্ডার বাতিল বা স্থগিত করতে পারেন।
চা শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, ইতিমধ্যেই কিছু প্রাথমিক অনুসন্ধান ও নতুন অর্ডার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ছোট চা বাগান ও শ্রমিকদের উপর আর্থিক চাপ বাড়তে পারে।
দার্জিলিং চা এক্সপোর্টার সুমিত ঘোষ বলেন, দার্জিলিং চা মূলত প্রিমিয়াম পণ্য হওয়ায় আন্তর্জাতিক বাজারে রাজনৈতিক অস্থিরতার সরাসরি প্রভাব পড়ে। যুদ্ধ পরিস্থিতি যদি আরও বিস্তৃত হয়, তবে রপ্তানি কমে যাওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়েও ধাক্কা লাগতে পারে।
তবে এখনও পর্যন্ত বড়সড় অর্ডার বাতিলের সরকারি কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। পরিস্থিতির উপর নজর রাখছে সংশ্লিষ্ট মহল।