এই সময়, ঘাটাল: একহাতে তাঁর লক্ষ্মীর ভাণ্ডার। আর অন্য হাতে অন্নপূর্ণা ভাণ্ডার। এ ভাবেই সোমবার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের সোয়াই গ্রামে বাড়ি বাড়ি প্রচার সারলেন ঘাটাল বিধানসভার বিজেপি (BJP) বিধায়ক শীতল কপাট। সঙ্গে ছিলেন দলের মহিলা মোর্চার কর্মীরাও। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। এর মধ্যেই প্রচার শুরু করেছে বিজেপি। তবে বিজেপির এই প্রচার ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।মহিলাদের উদ্দেশে শীতল এ দিন বলেন, 'বিজেপিকে ক্ষমতায় আনুন। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। সঙ্গে পাবেন বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পে মহিলাদের মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে।' ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি বলেন, 'ওদেরই এক নেতা দাসপুরের সভায় নিদান দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া স্ত্রীদের তাঁর স্বামীরা যেন তালাবন্দি করে ভোট দিতে যান। তারপরে সেই নেতা ক্ষমাও চান। বিজেপি মহিলা বিরোধী, লক্ষ্মীর ভাণ্ডার বিরোধী।
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোয় ভয় পেয়েছে বিজেপি। অন্নপূর্ণা ভাণ্ডার নাম দিয়ে বিজেপি ভাওতাবাজি শুরু করেছে।' মাস খানেক আগে দাসপুরের কলাইকুন্ডুতে বিজেপির জনসভায় রাজ্য কমিটির এক সদস্য বক্তব্য রাখতে গিয়ে লক্ষীর ভাণ্ডার নিয়ে ওই মন্তব্য করেছিলেন। যা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প-বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ তোলে তৃণমূল (TMC)। এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা করে বাড়িয়েছেন। রাজনৈতিক মহলের মতে, এরপরেই মহিলাদের ভোট টানতে বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলছে। বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, 'বিজেপি চায় বাংলায় মাতৃশক্তি স্বনির্ভর হোক। তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপির বিরুদ্ধে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তো বলেছেন বিজেপি ক্ষমতায় এলে যা প্রকল্প চলছে সবগুলো চালু থাকবে। বিজেপি এলে একমাসের মধ্যে মাসিক তিন হাজার টাকা করে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারও চালু করবে। লক্ষ্মীর ভাণ্ডার ও অন্নপূর্ণা ভাণ্ডার দুই প্রকল্পের সুবিধা পাবেন মহিলারা। রাজ্য মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান করছি মহিলাদের।' শীতলের প্রচারের পরে গ্রামের এক মহিলা মুচকি হেসে বলেন, 'ক্ষমতায় যেই আসুক আমরা চাই এলাকার উন্নয়ন। লক্ষ্মী হোক বা অন্নপূর্ণা, সরকারি প্রকল্পের সুবিধা নিতে অসুবিধা কোথায়। ভালোই তো।'