এই সময়, দুর্গাপুর: মদ্যপ অবস্থায় পাড়ার মহিলাদের উত্ত্যক্ত করছিল এক যুবক। প্রতিবাদ করেন ওই পাড়ারই আর এক যুবক। পরিণতিতে তাঁকে খুন (Murder) হতে হলো। অভিযোগ, প্রতিবাদী ওই যুবককে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে মদ্যপ সেই যুবক। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুর্গাপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা গ্রামের দক্ষিণ আদিবাসী পাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম গোপাল দাস (৩৫)। অভিযুক্ত বিজয় টুডুকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সকালে বিজয়কে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ (Durgapur Subdivision Court) করা হলে বিচারক তাঁকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। দক্ষিণ আদিবাসী পাড়ার বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত বিজয় হামেশাই মদ্যপ অবস্থায় পাড়ায় ঝামেলা বাঁধাত। মহিলাদের উত্ত্যক্ত করত। রবিবার বিকেলেও মদ খেয়ে পাড়ায় গন্ডগোল করছিল সে। তার মধ্যেই এক মহিলাকে সে কটূক্তি করতে থাকে। গোপাল প্রতিবাদ করলে তাঁর সঙ্গে বচসা শুরু হয় বিজয়ের। হঠাৎ একটি কুতূল নিয়ে এসে সে গোপালকে কোপাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রতিবাদী ওই যুবকের। ফরিদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেলে বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। বিজয়কে গ্রেপ্তার করার দাবি জানান তাঁরা। রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।