হাওড়ার বাগনান লাইব্রেরি মোড়ে এলাকায় অগ্নিকাণ্ড। ভস্মীভূত অন্তত ১০টি অস্থায়ী দোকান। সোমবার গভীর রাতে আচমকা আগুন লেগে যায় বাগনান-শ্যামপুর রাস্তার ধারের দোকানগুলিতে। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ ও দমকল কর্মীরা। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনের শিখা দ্রুত এক দোকান থেকে অন্য দোকানে ছড়িয়ে পড়েছিল। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। পরে খবর দেওয়া হয় দমকলে। দমকলের কর্মীরা আসার আগেই বেশ কিছু দোকান ভস্মীভূত হয়ে গিয়েছিল। তবে দমকলের তৎপরতায় আগুন জনবসতি এলাকায় ছড়াতে পারেনি।
ঠিক কী ভাবে ওই এলাকায় আগুন লাগে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছেন দমকল কর্মীরা। প্রাথমিক ভাবে অনুমান শর্ট সার্কিটের ফলে আগুন লেগে থাকতে পারে। তবে খতিয়ে দেখা হচ্ছে বাকি দিকগুলিও। অগ্নিকাণ্ডের ফলে দোকানদারদের বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিক ভাবে জানা যায়নি।