চূড়ান্ত ভোটার তালিকায় (Final Electoral Roll) নামের পাশে লেখা ‘আন্ডার অ্যাজুডিকেশন’। পরিবারের দাবি, আতঙ্কে আত্মহত্যা করেন ৪৩ বছর বয়সি হাজেরা বিবি। বাড়ি মালদা (Malda) জেলার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুরে। পরিবারের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা দেখার পরেই আতঙ্কিত হয়ে পড়েন। রাতেই বিষ খেয়ে নেন হাজেরা। হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সেখানেই তাঁর মৃত্যু হয়।
পরিবারের লোকজন জানান, SIR সংক্রান্ত নোটিস পান হাজেরা। সেখানে উল্লেখ ছিল, ‘বর্তমানে তিনি এমন একজনের কন্যা/পুত্র, যাকে আরও ছ’জন বাবা বলে দাবি করছেন।’ এর জন্য প্রয়োজনীয় নথি নিয়ে হিয়ারিং কেন্দ্রেও গিয়েছিলেন। ২৮ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হলে দেখেন তাঁর নামের পাশে বিচারাধীন লেখা।
পরিবারের দাবি, এর পরেই ভেঙে পড়েন হাজেরা। রাতেই বিষ পান করেন। পরিবারের লোকজন দ্রুত তাঁকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন এলাকার বিধায়ক তাজমুল হোসেন। মৃতের পরিবার যাতে সমস্ত সরকারি সহযোগিতা পান তা তিনি দেখবেন বলে আশ্বস্ত করেন। পরে সংবাদমাধ্যমে তিনি জানান, SIR প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। মানুষকে নোটিস দিয়ে বিভ্রান্ত করেছে কমিশন। মানুষকে ভয় দেখানোর জন্য এ সব করা হয়েছে।