• ত্রিকোণ প্রেমের জেরে মর্মান্তিক দুর্ঘটনা
    আজকাল | ০৩ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ত্রিকোণ প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে বিবাদ এবং তার জেরে গাড়ির ভিতরে ধস্তাধস্তি। সেই ধস্তাধস্তির ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় গাড়ি। মৃত্যু হয়েছে তিন যুবকের। গুরুতর জখম অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিহার সীমান্তবর্তী ফাটিপুকুর এলাকায়।

     পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সুরজিৎ দাস, বনি দাস ও মুকুন্দ দাস। প্রত্যেকের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। আহতদের মধ্যে রয়েছেন নদিয়ার বাসিন্দা অতনু শীল। জখম অতনু–সহ চারজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

     স্থানীয় সূত্রে খবর, ইসলামপুর থানার অধীনে সুবল কর্মকার নামে এক ব্যক্তির একটি মোটর গ্যারাজে কাজ করতেন ওই সাত যুবক। জানা গিয়েছে, নদিয়ার বাসিন্দা অতনু শীল ও মুকুন্দ দাসের একই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই দু’জনের মধ্যে মনোমালিন্য চলছিল। সোমবার রাতে অতনু ইসলামপুরের একটি হোটেলে ওঠেন। পরে মুকুন্দ–সহ সাতজন গ্যারাজ মালিকের ছেলের গাড়ি নিয়ে ঘুরতে বের হন।

     তাঁরা ইসলামপুরের বিহার সীমান্তবর্তী ফাটিপুকুর এলাকায় পৌঁছন। অভিযোগ, সেখানেই গাড়ির ভিতরে অতনু ও মুকুন্দের মধ্যে বচসা শুরু হয়। যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। অতনুকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। গাড়ির ভিতরে ব্যাপক ধস্তাধস্তির জেরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশের একটি পুকুরে গড়িয়ে পড়ে যায়।

     বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। তাঁদের চেষ্টাতেই সাতজনকে পুকুর থেকে তোলা সম্ভব হয়। তবে তিনজনকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করা হয়। আহত চারজনকে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

     ঘটনার খবর পেয়ে বিহারের পুটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিহারের কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বিহার ও ইসলামপুর থানার পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রেমঘটিত বিবাদ থেকেই এই দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।‌
  • Link to this news (আজকাল)