রাহুলকে রাজ্যসভায় পাঠাচ্ছে BJP, দোলের দিন সুখবর পেলেন প্রাক্তন রাজ্য সভাপতি
আজ তক | ০৩ মার্চ ২০২৬
দোলের দিনই এল সুখবর। রাজ্যসভায় বাংলা থেকে BJP প্রার্থী রাহুল সিনহা। আগামী ১৬ মার্চ সংসদের উচ্চকক্ষের নির্বাচন রয়েছে। রাজ্য বিধানসভার হিসেব অনুযায়ী, একটি প্রার্থীকে জিতিয়ে পাঠাতে পারবেন গেরুয়া শিবির। আর সেই আসনের জন্য প্রাক্তন রাজ্য BJP সভাপতিকেই বেছে নিল শীর্ষ নেতৃত্ব। রঙের উৎসবের দিন ঘোষণা করা হল তাঁর নাম।
কেবলমাত্র বাংলা নয়, গোটা দেশের আরও ৯ আসনের জন্য প্রার্থী বাছাই করল BJP। বিহার থেকে রাজ্যসভা পাঠানো হচ্ছে. সদ্য সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পাওয়া নীতিন নবীনকে।
শমীক ভট্টাচার্যকে এর আগে বাংলা থেকে পাঠানো হয়েছে রাজ্যসভায়। অনন্ত মহারাজ যদিও BJP-র সমর্থনেই রাজ্যসভার সাংসদ, তবে তাঁর রাজনৈতিক অবস্থান এই মুহূর্তে জল্পনায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের অনুষ্ঠানে তাঁকে দেখা যাওয়ার পর থেকেই চর্চা চলছে।
আসন পাওয়ার অঙ্ক
তৃণমূল: ২২৩-২২৫ জন বিধায়ককে নিয়ে তৃণমূলের কাছে ৫টির মধ্যে ৪টি আসন জেতার মতো যথেষ্ট সংখ্যা রয়েছে।
BJP: ৬৪-৬৫ জন বিধায়ক নিয়ে BJP একক ভাবে ১টি আসন নিশ্চিত করতে পারে (প্রয়োজন প্রায় ৪৯ ভোট)। তবে অতিরিক্ত ১৫-১৬টি ভোট দ্বিতীয় আসনের জন্য যথেষ্ট নয়, যদি না ক্রস ভোটিং হয়।
বামফ্রন্ট/কংগ্রেস: বর্তমানে বিধানসভায় শূন্য উপস্থিতির কারণে CPIM-এর বর্তমান আসনটি ধরে রাখা সম্ভব নয়। ফলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আসনটি হয় তৃণমূল নয় BJP-র দখলে চলে যাবে।
কাদের মেয়াদ শেষ হচ্ছে?
পশ্চিমবঙ্গের যে ৫ জন রাজ্যসভা সদস্যের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে তাঁর হলেন, তৃণমূলের সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, তৃণমূল থেকে কংগ্রেসে যাওয়ার পর রাজ্যসভার সদস্যপদ ছেড়ে যাওয়া মৌসম নুর এবং CPIM সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ২ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসেবে এঁদের সকলেরই মেয়াদ ফুরোচ্ছে।
মনোনয়ন কবে?
রাজ্যসভার ভোট নিয়ে বুধবার সকালে একটি বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। ওই বিজ্ঞপ্তিতে অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের জন্য ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ মার্চ। মনোনয়নপত্র যাচাই করা হবে ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ। তবে একটি আসনের জন্য এক জনই মনোনয়ন জমা দিলে নির্বাচনের প্রয়োজন পড়বে না।