দোল পূর্ণিমার (Dol Purnima) দিন মর্মান্তিক ঘটনা হুগলির তারকেশ্বরে (Tarakeshwar)। মঙ্গলবার তারকেশ্বর মন্দিরের দুধপুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণির এক ছাত্র। তার নাম চঞ্চল ঘোষ। চার ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও এ দিন সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি ওই ছাত্রের। ঘটনাটিকে কেন্দ্র করে গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ রং মেখে, বন্ধুদের সঙ্গে তারকেশ্বর মন্দিরের দুধপুকুরে স্নান করতে নামে চঞ্চল। আচমকাই সে পুকুরে তলিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বিষয়টি লক্ষ্য করে তার বন্ধুরা। স্থানীয় বাসিন্দাদের জানাতে, তাঁরাই প্রথমে পুকুরে নেমে খোঁজখুঁজি শুরু করেন। প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি। তারকেশ্বর থানার পুলিশ খবর পেয়ে আসে। উদ্ধারকাজের জন্য চন্দননগর (Chandannagar) থেকে ডুবুরি আনা হয়েছে। কী ভাবে তলিয়ে গেল চঞ্চল? খতিয়ে দেখছে পুলিশ।
তারকেশ্বরের ভঞ্জীপুর গ্রামের বাসিন্দা চঞ্চল। ভঞ্জীপুর দেশবন্ধু বিদ্যানিকেতনের দশম শ্রেণির ছাত্র সে। ছেলের এই ভাবে তলিয়ে যাওয়ার ঘটনায় ভেঙে পড়েছেন বাবা-মা। তারকেশ্বর মন্দিরে ঢুকে প্রার্থনা করে যাচ্ছেন তাঁরা। এমনটাই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত কিছুই বলেনি।