করিমপুর বিধানসভায় বিবেচনাধীন সাড়ে ১২ হাজার নাম, উদ্বিগ্ন তৃণমূল-বিজেপি
বর্তমান | ০৩ মার্চ ২০২৬
সংবাদদাতা, করিমপুর: বিধানসভা নির্বাচনে করিমপুর কেন্দ্রে ভোটের মার্জিন বাড়াতে মরিয়া তৃণমূল। এই বিধানসভার অধীনে করিমপুর ১ ব্লকের আটটি পঞ্চায়েত ও করিমপুর ২ ব্লকের ছ’টি পঞ্চায়েত রয়েছে। করিমপুর ১ ব্লকের পাশাপাশি করিমপুর ২ ব্লকের ছ’টি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়তি নজর রয়েছে তৃণমূলের। জানা গিয়েছে, গত ২০১৯ লোকসভা ভোটের নিরিখে করিমপুর বিধানসভা এলাকায় তৃণমূলের ভোট ছিল ৮৭,৫১৩ এবং বিজেপির ভোট ৭৩,১৭৩। অর্থাৎ ১৪,৩৪০ ভোটে এগিয়েছিল তৃণমূল। তারপর ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের ভোট বেড়ে হয় ১,১০,৯১১ এবং বিজেপি পেয়েছিল ৮৭,৩৩৬ ভোট। জয়ের মার্জিন বেড়ে হয়েছিল ২৩৫৭৫। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে শাসক দলের ভোট আবার কমে যায়। করিমপুর বিধানসভায় মোট ১৪টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের আবু তাহের খানের প্রাপ্ত ভোট ৯৩,৩২৯টি এবং বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের পক্ষে ভোট ৮১,০০৬টি। সেখানে সিপিএমের মহম্মদ সেলিম ৩৯,৭১৬টি ভোট পেয়েছিলেন। অর্থাৎ ব্যবধান কমে দাঁড়ায় ১২,৩২৩। খসড়া ভোটার তালিকায় করিমপুর বিধানসভা কেন্দ্রে প্রায় সাড়ে সাত হাজার মানুষের নাম ইতিমধ্যে বাদ গিয়েছে। বিচারাধীন রয়েছে আরও প্রায় সাড়ে বারো হাজার নাম। ফলে এবারের ভোটের ফলাফল নিয়ে উৎকণ্ঠা রয়েছে শাসক ও বিরোধী দুই দলেরই। করিমপুর ২ ব্লকের তৃণমূল সভাপতি সৌমেন বিশ্বাস বলেন, ছ’টি পঞ্চায়েতের মধ্যে রহমতপুর ও মুরুটিয়া ছাড়া বাকি নতিডাঙা ১ ও ২ এবং ধোড়াদহ ১ ও ২ পঞ্চায়েতে আমাদের ভোট অনেক বেশি। এলাকার আমাদের সরকারের উন্নয়নের পাঁচালি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। এবার এলাকার বিজেপি, সিপিএম ও কংগ্রেসের অনেক ভোট তৃণমূল পাবে এবং এই ব্লকে তৃণমূল বড় মার্জিনে এগিয়ে থাকবে। করিমপুর ১ ব্লক যুব তৃণমূল সভাপতি সৌমিক সরকার জানান, একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার ঘরের টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা যেমন এখন মানুষ জেনে গিয়েছে তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পে বিশেষ করে কন্যাশ্রী, রূপশ্রী কিংবা লক্ষ্মীর ভাণ্ডার এবং সর্বোপরি বেকার যুবকদের জন্য চালু বেকার ভাতায় সমস্ত মানুষ উপকৃত হবেন। তার দাবি, এখন সবাই তৃণমূলকেই সমর্থন করবেন এবং এই ব্লক থেকেই আমরা অন্তত পাঁচ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থাকব। যদিও বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সহ সভাপতি সুরজিত জোয়ারদার বলেন, ২০২১ এর বিধানসভা ভোটে তৃণমূলের ২৩,৫৭৫ ভোটে বিজেপি পিছিয়ে ছিল। তারপর ২০২৪ লোকসভা ভোটে বিজেপির থেকে তৃণমূল মাত্র ১২,৩২৩ ভোট বেশি পেয়েছিল। এবার বহু মৃত ও অবৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। এবারের নির্বাচনে করিমপুর বিধানসভায় বিজেপি জয়ী হবে।