• পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ে কান্দির স্বরূপখালের সংস্কার, নির্বাচনী প্রচারে অন্যতম ইস্যু তৃণমূলের
    বর্তমান | ০৩ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, কান্দি: সম্প্রতি সেচ বিভাগের তরফে কান্দি শহরের নিকাশির নতুন করে সংস্কারের পাশাপাশি হয়েছে সৌন্দর্যায়ন। ফলে শহরের নিকাশির আমূল পরিবর্তন হয়েছে। স্বাধীনতার পর কান্দি শহরের প্রাচীন এই স্বরূপখালের সৌন্দর্যায়নে বাসিন্দাদের মধ্যেও ফিরেছে স্বস্তি। এবারের বিধানসভা ভোটে শাসকদলের কাছে এটি অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অন্য রাজনৈতিক দলগুলি একে গুরুত্ব দিতে রাজি না হলেও কংগ্রেসের দাবি, এই প্রকল্প তৃণমূলের ভোট বাড়াবে।

    কান্দি শহরের ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে বড় নদী পর্যন্ত চলে গিয়েছে প্রধান নিকাশি নালা স্বরূপখাল। প্রায় তিন কিলোমিটার দৈর্ঘের এই নিকাশি নালার কোনোদিনই সেভাবে সংস্কার হয়নি বলে স্থানীয়দের দাবি। বাসিন্দারা জানান, কয়েকবছর ধরেই ওই নালার অস্তিত্ব বিলোপ হতে বসেছিল। যার ফলে শহরের নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার মুখে পড়ে। সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন জায়গায় জল জমে যায়। আবার নিকাশি নালা জবরদখলও হয়ে যাচ্ছিল।
    তবে প্রায় সাত মাস আগে ওই নালা সংস্কারের উদ্যোগ নেয় পুরসভা। কান্দি পুরসভার সহযোগিতায় সেচ দপ্তরের তরফে নালার আমূল সংস্কার শুরু হয়। বরাদ্দ হয় প্রায় পৌনে পাঁচ কোটি টাকা। কান্দি মহকুমা সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, স্বরূপখালের সংস্কার প্রায় শেষের পথে। নালার খননের সঙ্গে জবরদখল উচ্ছেদ করা হয়েছে। নালার ভিতরের অংশ সহ দু’দিকে কংক্রিটের পাঁচিল দেওয়া হয়। এর দু’পাশে রেলিং দেওয়া হয়েছে। নালায় নামার জন্য কোথাও সিঁড়িও তৈরি হয়েছে।

    কান্দির চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, স্বরূপখালের সংস্কারের ফলে বৃষ্টির জল শহরে আর জমবে না। কয়েক মিনিটের মধ্যেই শহরের জল স্বরূপখালে পড়বে। বহুবছর ধরেই কান্দির বাসিন্দারা আমাদের কাছে নিকাশির সুষ্ঠু সমাধান চাইছিলেন। এখন সেটা পূরণ করতে পেরেছি।

    এদিকে ব্রিটিশ আমলে তৈরি ওই খালের সংস্কার এবারের ভোটের অন্যতম ইস্যু হতে চলেছে। বিশেষ করে শাসকদলের তরফে ভোটের প্রচারে স্বরূপখালের সংস্কার সামনে আনা হয়েছে। কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, রাজ্যে বামফ্রন্ট ও কংগ্রেস জমানায় কান্দির নিকাশি সমস্যা নিয়ে কেউ কোনোদিন ভাবেননি। স্বাধীনতার পর আমরাই এর সমাধান করতে পেরেছি। যদিও বিজেপির কান্দি শহর নেত্রী বিনীতা রায়ের অভিযোগ, এসব করে ভোট পাওয়া মুশকিল।

    আমাদের প্রশ্ন, এসব কাজ ভোটের আগে কেন? সাড়ে চার বছরে কেন হল না। সিপিএমের কান্দি লোকাল কমিটির সম্পাদক স্বরূপ মুখোপাধ্যায় বলেন, বাম জমানায় ওই নালার যে কাজ হয়নি সেটা নয়। আসলে এত ভাল করে হয়নি। আগামীতে প্রযুক্তির উন্নতিতে আরও ভাল কাজ হবে। এর সঙ্গে তৃণমূলের ভোট পাওয়ার কোনো ব্যাপার নেই। যদিও কংগ্রেসের কান্দি মহকুমা সভাপতি সফিউল আলম খান বলেন, উন্নয়ন করলে মানুষ ভোট দেবেন। তাই স্বরূপখালের সংস্কারের ফলে কান্দিতে শাসকদলের ভোট কিছু বাড়বে।
  • Link to this news (বর্তমান)