• আবাস প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল, কাঠগড়ায় ডোমকলের তৃণমূল নেতা
    বর্তমান | ০৩ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, ডোমকল: দাবি করা হয়েছিল ১০ হাজার টাকা। সেই টাকা না দিলে বন্ধ করে দেওয়া হবে আবাসের দ্বিতীয় কিস্তির টাকা। এক প্রকারে বাধ্য হয়েই ওই টাকা দিতে বাধ্য হয়েছেন এক উপভোক্তা। পুরো বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন অভিযোগ ওঠায় শোরগোল পড়ে গিয়েছে। ডোমকলের গড়াইমারি অঞ্চলের আমিনাবাদ এলাকার তৃণমূল নেতা ফুলটু মণ্ডল ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী উপভোক্তার নাম সাজেহান বিবি। তিনি ডোমকলের গড়াইমারি অঞ্চলের সাহাদিয়াড় মাঠপাড়া এলাকার বাসিন্দা। সম্প্রতি বাংলা আবাস যোজনায় তাঁর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে। মহিলার অভিযোগ, পাশের এলাকার তৃণমূল নেতা ফুলটু মণ্ডল ও তার দুই অনুগামী মিলে তাঁর কাছে কাটমানি বাবদ ১০ হাজার টাকা দাবি করে। সপ্তাহ দু’য়েক আগে ভয় দেখিয়ে ১০ হাজার টাকা নিয়ে যায় তারা। এরপরই ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় অভিযোগ তুলেছেন। সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ওই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

    সাজেহান বিবি বলেন, আমি গরিব মানুষ। একা থাকি। সম্প্রতি বাংলা আবাস যোজনার টাকা ঢুকেছে। তারপর থেকেই ফুলটু আর ওর লোকজন আমার কাছে থেকে ১০ হাজার টাকা নিয়েছে। এরপর ঘর করব কী করে? ওরা বলছে, আমার ঘর পাওয়ার জন্য ওরা খাটাখাটুনি করেছে। তাই টাকা দিতে হবে। না হলে নাম কেটে দেওয়া হবে।

    যদিও অভিযুক্ত তৃণমূল নেতা ফুলটু মণ্ডল বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমি কোনো টাকা নিইনি। ওই মহিলাকে দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করানো হয়েছে। যারা ওই মহিলাকে দিয়ে অভিযোগ করিয়েছে তারা গাঁজার ব্যবসা করে। আমি পুলিশকে খবর দিয়ে তাদের ধরিয়ে দিয়েছিলাম। সেই রাগেই ওরা ওই মহিলাকে দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করিয়েছে। ঘর পাওয়ার আনন্দে ওই মহিলা নিজে থেকেই আমাকে এক হাজার টাকা মিষ্টি খেতে দিয়েছেন।

    স্থানীয় গড়াইমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাসানুজ্জামান মণ্ডল বলেন, খোঁজ নিয়ে জেনেছি, ফুলটু মণ্ডল আমাদের বুথ সভাপতি নন। কারণ আমাদের কোথাও বুথ সভাপতি নেই। ওই মহিলা টাকা দিয়েছেন এবং সে টাকা নিয়েছে এটা ঠিকই। তবে সরকারি বিভিন্ন অফিসে কাজে সহযোগিতা করে দেওয়ার জন্য ওই মহিলা নিজে থেকেই খুশি হয়ে ওই টাকা দিয়েছেন। ওই মহিলাকে প্ররোচনায় ফেলে কেউ বা কারা এই ধরণের অভিযোগ করিয়েছে।

    ডোমকল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তজিমুদ্দিন খান বলেন, আমি এখনও বিষয়টি নিয়ে কিছু শুনিনি। তবে খোঁজখবর নিয়ে দেখব।
  • Link to this news (বর্তমান)