নিরাপদ বিনিয়োগের আশ্বাস দিয়ে এবার ‘ভিআইপি গ্রুপ’ তৈরি করছে প্রতারকরা
বর্তমান | ০৩ মার্চ ২০২৬
অলকাভ নিয়োগী, বিধাননগর: ভবিষ্যৎ সুরক্ষিত করতে কে না চায়? তাই প্রয়োজন সঠিক জায়গায় বিনিয়োগ! কিন্তু, দিকে দিকে প্রতারকদের নজর। একটু অসতর্ক হলেই অনলাইনে লুট হয়ে যাচ্ছে সারা জীবনের সঞ্চয়! তাই নিরাপদ বিনিয়োগের আশ্বাস দিয়ে এবার ‘ভিআইপি গ্রুপ’ তৈরি করছে প্রতারকরা। টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত করা হচ্ছে সেই ‘ভিআইপি গ্রুপ’-এ। তারপর দেওয়া হচ্ছে বিনিয়োগের নানা লোভনীয় প্রস্তাব। সঙ্গে উচ্চ রিটার্নের টোপ। কিন্তু, রিটার্ন তো দূরের কথা, বিনিয়োগ করা অর্থই মিলছে না। সাময়িক সময়ের জন্য ভিআইপি হতে গিয়ে কয়েক মুহূর্তেই ‘ভিখারি দশা’! প্রতারকরা লুট করে নিচ্ছে সর্বস্ব! সম্প্রতি, নিউটাউনের এক প্রবীণ নাগরিক এই ফাঁদে পা দিয়েছিলেন। ভিআইপি গ্রুপে যুক্ত হয়ে তিনি খুইয়েছেন ২ কোটি টাকা! মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়।
দিন দিন বেড়েই চলেছে ইনভেস্টমেন্ট ফ্রড বা বিনিয়োগ প্রতারণা। প্রবীণ নাগরিকদের একাংশ এই ফাঁদে পা দিলেও বাদ যাচ্ছেন না বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা। কারণ, অল্পদিনে উচ্চ রিটার্নের টোপ। কখনও শেয়ার বাজারে ট্রেডিং, কখনও ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ, কখনও আবার গোল্ড ইনভেস্ট স্কিম। ৩০ থেকে ৫০ শতাংশ রিটার্নের গল্প শোনানো হচ্ছে। কখনও আবার কয়েকদিনেই দ্বিগুণ করারও ফাঁদ! তাই লক্ষ নয়। কোটি কোটি টাকা ঢেলে দিচ্ছেন গ্রাহকরা। ইনভেস্টমেন্ট ফ্রডে সল্টলেক এবং নিউটাউনে কোটির উপরে টাকা খোয়ানো নাগরিকের সংখ্যা বহু। এই প্রতারণার সঙ্গে যুক্ত হয়েছে ভিআইপি গ্রুপের ফাঁদ। তাতে এখনও পর্যন্ত নিউটাউনের এক বাসিন্দা ইতিমধ্যেই ২ কোটি ১৩ লক্ষ টাকা খুইয়েছেন। এই কাণ্ডে বিধাননগর সাইবার ক্রাইম থানা অবশ্য একজনকে গ্রেপ্তার করেছে।
গত ডিসেম্বর মাসে ওই বৃদ্ধ একটি মেসেজ পান। তারপরই প্রতারকরা তাঁকে হোয়াটসঅ্যাপের একটি ‘ভিআইপি গ্রুপে’ যুক্ত করে। উচ্চ রিটার্নের সুযোগ দেখিয়ে নানা ধরনের শেয়ার কেনার প্রস্তাব দেওয়া হয় তাঁকে। প্রথমে ২৫ হাজার টাকা বিনিয়োগ করেন তিনি। প্রতারকরা ভুয়ো অ্যাপের ইন্টারফেসে তাৎক্ষণিক লাভ দেখায়। তাতে উৎসাহিত হয়ে তিনি গত ১৭ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ২ কোটি ১৩ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কোনও টাকা তুলতে না পেরে তিনি গত ৪ ফেব্রুয়ারি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ টাকা উদ্ধারের চেষ্টা করছে। সেই সঙ্গে খোঁজ চলছে এই চক্রের বাকিদের।
সাইবার বিশেষজ্ঞদের কথায়, অনলাইনে যে কোনও ধরনের বিনিয়োগের ক্ষেত্রে যাচাই করেই পদক্ষেপ নিতে হয়। কারণ, প্রতারকরা দিন দিন প্রতারণার ধরন বদলাচ্ছে। তাই ভবিষ্যৎ সুরক্ষিত করার আগে নিশ্চিত হয়েই বিনিয়োগ করুন। একটু অসতর্ক হলেই বিপদ লুকিয়ে।