আজকাল ওয়েবডেস্ক: রং খেলে স্নান করার সময় গঙ্গায় তলিয়ে গেলেন তিন জন। তাঁদেরকে বাঁচাতে গিয়ে ডুবে গেলেন আরও এক জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া বলরাম সরকার গঙ্গার ঘাটে। রঙের উৎসবের শেষ বেলায় শোকার্ত ভাটপাড়া।
জানা গিয়েছে, দোলের দিন সকাল থেকেই রঙের উৎসবে মেতেছিল ভাটপাড়া, জগদ্দল-সহ বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ। আগের নানা অভিজ্ঞতার কথা মাথায় রেখে সকাল থেকেই ভাটপাড়া, জগদ্দল-সহ বিভিন্ন এলাকার গঙ্গার ঘাটে ব্যারাকপুর পুলিশ কমিশনারের আধিকারিকরা। রং খেলা শেষ স্নান করার সময় ভাটপাড়া পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের মাদরাল গভর্নমেন্ট কলোনি এলাকার তিনজন বলরাম সরকার গঙ্গার ঘাটে তলিয়ে যায়। তাঁদের বাঁচাতে আর একজন গঙ্গার ঘাটে ঝাঁপ মারলে তিনিও তলিয়ে যান।
গোটা ঘটনার জানাজানি হতেই এলাকায় পৌঁছয় পুলিশ বাহিনী। আসেন ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, কাউন্সিলর গোপাল রাউ, এসিপি জগদ্দল বিশ্বজিৎ পাত্র ও ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্যান্য আ ব্যক্তিরা। চারজন একসাথে গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ডুবুরি গঙ্গায় তলিয়ে যাওয়াই চারজনকে খোঁজার চেষ্টা চালাচ্ছে।
প্রসঙ্গত, গত মাসে মায়াপুরের ইসকনে ভিন রাজ্য থেকে এসে তলিয়ে যান এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ফরিদাবাদের বাসিন্দা। নাম শিবম যাদব, বয়স আনুমানিক ২৪ বছর। তিনি হরিয়ানার ফরিদাবাদ থেকে মায়াপুর ইসকন মন্দিরে এসেছিলেন দোল উৎসবে শামিল হতে। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যান তিনি। গত বছর দোলের সময়ও কোন্নগর বারো মন্দির ঘাটে। দোল খেলে রং তুলতে স্নান করতে এসে তলিয়ে যান এক যুবক। একই বছরে রং খেলার পরে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন চার জেলার পাঁচ জন। মৃতদের মধ্যে ছিল যুবক থেকে নাবালক।