সুজিত ভৌমিক, কলকাতা: কেএলসি থানা এলাকার বানতলাতে ৭৬ টি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। সম্প্রতি লালবাজারে কলকাতা পুলিশের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছেন, প্রায় আধ কোটি টাকা ব্যয়ে বানতলার মোট ২৪টি জায়গায় এই আধুনিক সিসি ক্যামেরা বসবে। ইতিমধ্যেই এই কাজের জন্য টেন্ডার ডাকার কাজও শেষ। এমনিতে বানতলাতে চর্মনগরীর নিজস্ব কিছু সিসিটিভি ক্যামেরা রয়েছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
আবার সল্টলেকে সেক্টর ফাইভের পাশাপাশি কেএলসি থানার এই বানতলাতে তথ্য প্রযুক্তি শিল্পের জন্য সেক্টর সিক্স গড়ে উঠছে। ফলে আগামী দিনে ক্রমশ তল্লাটে তথ্য প্রযুক্তি শিল্পের রমরমা শুরু হবে। মূলত, একথা মাথায় রেখে, কলকাতা পুলিশ এই তল্লাটে নিজস্ব সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে। মূলত, আইন শৃঙ্খলা পাশাপাশি তথ্য প্রযুক্তি শিল্পের কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিসি ক্যামেরা বসানো হচ্ছে।
এই ৭৬টি ক্যামেরা ফাইভ মেগা পিক্সেলের পাশাপাশি আইপি বেসড। ইতিমধ্যেই বানতলার কোথায় কোথায় এই নতুন ক্যামেরা বসানো হবে তার প্রাথমিক সমীক্ষার কাজ শেষ। প্রাথমিকভাবে ২৪টি জায়গা বাছাই করা হয়েছে। সব ঠিক থাকলে আগামী ছ’মাসের মধ্যে এই নতুন সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ করতে চায় লালবাজার।