• টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের জন্য রাত সওয়া ১১টায় স্পেশাল মেট্রো
    বর্তমান | ০৩ মার্চ ২০২৬
  • রাজু চক্রবর্তী, কলকাতা: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের উত্তেজনায় ফুটছে সিটি অব জয়। রবিবার ক্যারিবিয়ানদের কার্যত উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় পুরুষ ক্রিকেটদল। বৃহস্পতিবার ২০ ওভারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে ইডেনে মুখোমুখি দক্ষিণ অফ্রিকা বনাম নিউজিল্যান্ড। ক্রিকেটের নন্দনকাননে হাই-ভোলটেজ এই ম্যাচ দেখতে হাজির থাকবে হাজার হাজার ক্রীড়াপ্রেমী। ম্যাচ শেষে ইডেন ফেরত জনতার বাড়ি ফেরা মসৃণ করতে রাতে ব্লুলাইনে স্পেশাল মেট্রো চালাবে রেল। আজ বুধবার রাত সওয়া ১১টায় এসপ্ল্যানেড স্টেশন থেকে এক জোড়া স্পেশাল মেট্রো যাত্রী নিয়ে দুই অভিমুখে যাত্রা করবে। শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর পৌঁছানোর মধ্যে সমস্ত স্টেশনে দাঁড়াবে এই বিশেষ মেট্রো রেক দু’টি। তবে যাত্রীদের জন্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে টিকিট কাউন্টার খোলা থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে। ওইদিন হোলি উপলক্ষ্যে সারাদিনে সমস্ত মেট্রো রুটে পরিষেবার সংখ্যা কমবে। আজ নর্থ-সাউথ মেট্রো রুটে গোটাদিনে ২৭২টির বদলে ১৯৪টি পরিষেবা চলবে।

    অন্যদিকে, ইস্ট-ওয়েস্ট রুটে সাধারণত সপ্তাহের কাজের দিনে সবমিলিয়ে ২২৮টি মেট্রো পরিষেবা চলে। আজ তা কমে হবে ১৮৬টি পরিষেবা। তবে দিনের প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময়সসূচি অপরিবর্তিত থাকবে। বিমানবন্দরগামী মেট্রো রুটেও কাল কিছু বদল আসছে। নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর মেট্রো পথে বুধবার সারাদিনে ৯২টি পরিষেবা চলবে। অন্যান্য কাজের দিনে সেই সংখ্যাটা থাকে ১২০। দিনের প্রথম পরিষেবায় কোনও বদল আসবে না। তবে এই রুটে দিনের শেষ মেট্রোর সময়সূচিতে পরিবর্তন হবে। নোয়াপাড়া থেকে কাল শেষ মেট্রো রাত ৯টার বদলে রাত ৮টা ৫৮ মিনিটে ছাড়বে। পাশাপাশি বিমানবন্দর থেকে রাত ৯টা ২০ মিনিটের পরিবর্তে আজ দিনের অন্তিম মেট্রো পরিষেবা ৯টা ১৮ মিনিটে যাত্রা শুরু করবে।
  • Link to this news (বর্তমান)