• লোকসভা ২০২৪-এ সিট কমলেও এগিয়ে ছিল বিজেপি? পরিসংখ্য়ান যা বলছে
    আজ তক | ০৪ মার্চ ২০২৬
  • ২০২৪ লোকসভা নির্বাচনে সাতটি আসন বাড়িয়ে পশ্চিমবঙ্গে ২৯-এ পৌঁছে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। আপাতদৃষ্টিতে এই ফল শাসকদলের শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেয়। কিন্তু বিধানসভা-ভিত্তিক লিডের অঙ্ক খুলতেই ধরা পড়ছে অন্য ছবি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই পরিসংখ্যান কি তবে সতর্কবার্তা? না কি স্ট্র্যাটেজি বদলের ইঙ্গিত?

    নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, লোকসভা ২০২৪-এর আসনের নিরিখে রাজ্য বিধানসভায় তৃণমূল এগিয়ে ১৯২টিতে। অন্য দিকে বিজেপি এগিয়ে ৯০ আসনে। কংগ্রেস ১১ এবং সিপিএম একটি আসনে লিড পেয়েছে। আপাতত ব্যবধান বড় হলেও ২০১৯-এর তুলনায় ছবি কিছুটা বদলেছে। সে বার লোকসভায় ভোটের ভিত্তিতে তৃণমূল এগিয়ে ছিল ১৬৪টি বিধানসভা আসনে, বিজেপি ১২১টিতে।  

    ২০১৬-র বিধানসভায় তৃণমূল জিতেছিল ২১১ আসনে। ২০২১-এ তা বেড়ে হয় ২১৫। বিজেপি ২০২১-এ ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী শক্তি হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটে ২০২৪-এর লোকসভার ফলাফলে বিজেপি ১৮ থেকে নেমে ১২টি আসনে নেমে আসে। তবে বিধানসভা এলাকার অঙ্কে তারা ৯০টি কেন্দ্রে এগিয়ে। অর্থাৎ লোকসভায় আসন কমলেও ভোটভিত্তিক বিন্যাস একেবারে ভেঙে পড়েনি। এই দিকটিই ২০২৬-এ বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।

    আইএসএফ ২০২১-এ একটি বিধানসভা আসনে জিতেছিল। কিন্তু লোকসভা লিডের নিরিখে শূন্য।

    তাহলে ২০২৬-এর ছবিটা ঠিক কী হতে পারে? প্রথমত, তৃণমূলের জন্য ১৯২টি বিধানসভা লিড বেশ মনোবল জোগানোর মতোই ব্যাপার। তবে ২০১৯-এর তুলনায় কাঠামোয় বেশ কিছু পরিবর্তন রয়েছে। সেটাই চিন্তার বিষয় হতে পারে।

    দ্বিতীয়ত, বিজেপি লোকসভায় আসন হারালেও হিসাব অনুযায়ী ৯০টি বিধানসভায় এগিয়ে। ফলে তারা যে সম্পূর্ণ কোণঠাসা নেই, তা বলাই বাহুল্য।

    সব মিলিয়ে, লোকসভা ২০২৪ এ পশ্চিমবঙ্গে এক জটিল রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। সংখ্যার বিচারে তৃণমূল এগিয়ে। কিন্তু সেই লোকসভা এলাকাই বিধানসভার নিরিখে ভাবলে হিসাবটা অন্যরকম হচ্ছে। আর সেই কারণেই এবারের লড়াই আরও হাড্ডাহাড্ডি হতে পারে। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
  • Link to this news (আজ তক)