• দুবাই ও জেড্ডায় আটকে পড়া যাত্রীদের ফেরাতে বিশেষ বিমান এয়ার ইন্ডিয়ার
    এই সময় | ০৪ মার্চ ২০২৬
  • ইরানের উপর আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ হামলার ফলে অস্থির পরিস্থিতি পশ্চিম এশিয়া জুড়ে। বিপর্যস্ত বিমান পরিষেবা। বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট। সোমবার থেকে দুবাই (Dubai), আবু ধাবির সহ কয়েকটি বিমানবন্দর চালু হলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। মঙ্গলবারও একাধিক ফ্লাইট বন্ধ ছিল। ফলে চিন্তা বাড়ছে দুবাই এবং হজে গিয়ে আটকে থাকা যাত্রীদের। এরই মধ্যে বড় ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। দুবাই ও জেড্ডায় আটকে পড়া যাত্রীদের ফেরাতে বিশেষ বিমান চালু করা হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। সেখানে উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘ওয়াইডবডি ফ্লাইট’ (widebody aircraft) পাঠানো হচ্ছে। তাতে অনেক বেশি সংখ্যক যাত্রী ফিরতে পারবেন।

    গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইজ়রায়েল। হামলায় মৃত্যু হয়েছে আয়াতোল্লা আলি খামেনেই-সহ ইরানের(Iran) একাধিক শীর্ষ আধিকারিকের। হামলা হয়েছে একাধিক সরকারি অফিসেও। ওই হামলায় ইরানে প্রায় এক হাজার জনের মৃত্যু হয়েছে। হামলার জেরে আটকে পড়েন কয়েক হাজার যাত্রী। তবে, সোমবার থেকেই দুবাইয়ে কয়েকটি ফ্লাইট উড়তে শুরু করেছে।

    মঙ্গলবারই Air Indiaর তরফে জানানো হয়েছে, দুবাই ও জেড্ডা ( Jeddah)-য় উচ্চক্ষমতাসম্পন্ন ‘ওয়াইডবডি এয়ারক্র্যাফ্ট’ মোতায়েন করা হচ্ছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির জেরে আটকে থাকা যাত্রীদের ফিরিয়ে আনতেই এই উদ্যোগ।

    এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যাতেই মুম্বই (Mumbai) থেকে বোয়িং ৭৭৭ এয়ারক্র্যাফ্ট (Boeing 777 aircraft ) পাঠানো হয়েছে জেড্ডা। ওই ফ্লাইটে বসতে পারবেন প্রায় ৩৫০ জন যাত্রী। মঙ্গলবার রাতেই দিল্লি (Delhi) থেকে দুবাই গিয়েছে ৩০০ আসন বিশিষ্ট বোয়িং ৭৮৭-৯ ( Boeing 787-9)। বুধবার সকালেই মুম্বই থেকে দুবাই যাবে ২৫০ আসন বিশিষ্ট বোয়িং ৭৮৭-৭ ( Boeing 787-8)। বুধবারেই ওই ফ্লাইটগুলি পূর্ণ যাত্রী নিয়ে মুম্বই এবং দিল্লি ফিরবে বলেও আশা এই বিমান সংস্থার।

    উল্লেখ্য, ইতিমধ্যেই মঙ্গলবার কয়েকটি ফ্লাইট আবু ধাবি থেকে দেশে ফিরেছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ-পরিস্থিতিতে দুবাইয়ে আটকে ছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। ফিরে এসেছেন তিনিও। তবে মঙ্গলবারও কলকাতা থেকে আবু ধাবি, দোহা এবং দুবাইয়ে উড়ান বন্ধ ছিল।

    এয়ার ইন্ডিয়া জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখছে তারা। পরিস্থিতি দেখেই পশ্চিম এশিয়ার ফ্লাইট চালানো হবে। জেড্ডা থেকে দিল্লিতে ‘ইভাকুয়েশন ফ্লাইট’ চালাবে বলে জানানো হয়েছে ইন্ডিগো (IndiGo)-র তরফেও।

  • Link to this news (এই সময়)