• চূড়ান্ত ভোটার তালিকায় নাম বিচারাধীন, মগরাহাটে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
    এই সময় | ০৪ মার্চ ২০২৬
  • চূড়ান্ত ভোটার তালিকায় (Final Electoral Roll) নাম বিচারাধীন (Under Adjudication)। অভিযোগ, সেই আতঙ্কে আত্মঘাতী হন মগরাহাট পশ্চিম বিধানসভার ঘোলা নয়াপাড়ার বাসিন্দা রফিক আলি গাজি (৪৪)। মঙ্গলবার রাতে বাড়ি থেকে উদ্ধার হয় রফিকের ঝুলন্ত দেহ। রাত ৮টা নাগাদ সেখানে পৌঁছয় উস্তি থানার পুলিশ। তারাই দেহ উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

    পরিবারের দাবি, SIR-র ফর্ম ফিলআপের পরে হিয়ারিং নোটিস আসে রফিকের নামে। সেই সময় থেকেই চিন্তায় ছিলেন। এর পরে হিয়ারিংয়ে হাজির হন, সমস্ত নথিও জমা দেন। বাড়ির লোকেরা জানান, ২৮ ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, সেখানে রফিকের নামের পাশে আন্ডার অ্যাজুডিকেশন লেখা ছিল। অর্থাৎ তাঁর নাম ভোটার তালিকায় উঠবে কি না, তা এখনও বিচারাধীন।

    পরিবারের লোকজন জানান, শনিবার থেকেই অস্থির হচ্ছিলেন রফিক। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রফিক ও তাঁর পরিবারের পাঁচ জনের নাম বিচারাধীনের তালিকায় রয়েছে। ১৪১ নম্বর বুথে আরও ১১১ জন বাসিন্দার নাম বিচারাধীন তালিকায় রয়েছে। এ নিয়ে এলাকায় রাজনীতির পারদও চড়ছে। উস্তি থানার দ্বারস্থ হয়েছেন রফিকের স্ত্রী। ময়নাতদন্তের পরে বুধবার বিকেলে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

  • Link to this news (এই সময়)