দোলের দিনে বড় দুর্ঘটনা নদিয়ায় (Nadia)। খিচুড়ি রান্না করার সময় হঠাৎ উল্টে যায় বিশাল কড়াই। মঙ্গলবার, গরম খিচুড়িতে দগ্ধ হয়ে আহত হলেন শিশু-সহ অনেকে। নদিয়ার শান্তিপুর থানার বাহাদুরপুর ফরেস্টের (Bahadur Forest) বনবিবি তলার ঘটনা। ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর বসন্ত উৎসব উপলক্ষে বনবিবি তলায় জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। বহু ভক্ত সেখানে পুজো দেন। বনবিবি তলায় বড় বড় কড়াইয়ে খিচুড়ি রান্না করে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়।
ঠিক তেমনই দোলের দিন এক জায়গায় বড় কড়াইয়ে খিচুড়ি রান্না হচ্ছিল। রান্না চলাকালীন আচমকাই ভারসাম্য হারিয়ে কড়াইটি উল্টে যায়। মুহূর্তের মধ্যে ফুটন্ত গরম খিচুড়ি পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনের গায়ে পড়ে যায়। দগ্ধ হন শিশু-সহ একাধিক জন।
স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের নিয়ে যান শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে (State General Hospital)। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ (Santipur Police Station)। কী ভাবে কড়াই উল্টে গেল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।