• বন্ধ পশ্চিমের আকাশপথ! মুম্বই ও কলকাতায় শয়ে শয়ে উড়ান বাতিল, দুবাইয়ে আটকে বহু ভারতীয়
    আজকাল | ০৪ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা। যুদ্ধের ছায়া এ বার আছড়ে পড়ল বিশ্ব বিমান পরিষেবায়। ইজরায়েল, ইরান এবং আমেরিকার মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার জেরে কার্যত ওলটপালট হয়ে গিয়েছে আন্তর্জাতিক উড়ান সূচি। এর জেরে গত কয়েক দিনে ভারত-সহ বিশ্বের নানা প্রান্তে বাতিল হয়েছে কয়েক’শ বিমান। সব থেকে বেশি বিপাকে পড়েছেন মহারাষ্ট্রের বাসিন্দারা।

    দুবাই, আবু ধাবি বা দোহার মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলি বর্তমানে প্রায় অচল। নিরাপত্তার খাতিরে মধ্যপ্রাচ্যের আকাশসীমা এড়িয়ে চলতে হচ্ছে বিমান সংস্থাগুলিকে। ফলে পূর্ব ও পশ্চিমের দেশগুলির মধ্যে যাতায়াতের প্রধান আকাশপথটি এখন কার্যত রুদ্ধ। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে গত দু’দিনে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

    সোমবারই মুম্বই থেকে আসা এবং যাওয়ার পথে ১১৬টি বিমান বাতিল করা হয়েছে। এর আগে রবিবার বাতিল হয়েছিল ১২৫টি বিমান। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেটের মতো ভারতীয় সংস্থাগুলি অবশ্য জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীরা চাইলে বিনা খরচে নতুন করে টিকিট বুক করতে পারবেন অথবা টিকিটের পুরো টাকা ফেরত পাবেন।

    যুদ্ধের জেরে বিদেশের মাটিতে আটকে পড়েছেন পুণে ও থানের বহু মানুষ। প্রশাসন সূত্রে খবর, পুণের ৮৪ জন পড়ুয়া এবং থানের ২৩ জন বাসিন্দা এই মুহূর্তে দুবাইয়ে আটকে। এ ছাড়াও রায়গড় ও নবি মুম্বইয়ের বহু পর্যটক এবং তীর্থযাত্রী আরব আমিরশাহি থেকে দেশে ফেরার পথ খুঁজছেন।

    পরিস্থিতির গুরুত্ব বুঝে মহারাষ্ট্র সরকার এবং ভারতীয় দূতাবাস বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে। আটকে পড়া নাগরিকদের দ্রুত নাম নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পরবর্তীকালে বিশেষ বিমানে তাঁদের ফেরানো সম্ভব হয়।

    মুম্বই বিমানবন্দরে সপরিবারে আটকে যাত্রীরা৷ এক যাত্রী সাদিক খান আক্ষেপের সুরে বলেন, "বিয়ের নিমন্ত্রণে মুম্বই এসেছিলাম। এখন দুবাই ফেরার কোনও পথ নেই। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছি, কিন্তু মনে হচ্ছে আরও কয়েক দিন এখানে আটকে থাকতে হবে। এই অনিশ্চয়তা নিয়ে আর ভাল লাগছেনা।"

    বিশেষজ্ঞদের মতে, করোনা অতিমারির পর বিমান পরিষেবায় এমন ভয়াবহ সঙ্কট আর দেখা যায়নি। এশিয়া ও ইউরোপের মধ্যে যোগাযোগের প্রধান করিডোরটি বন্ধ থাকায় দুর্ভোগ এখনই কমছে না।

    অন্যদিকে, কলকাতায় আজকেও এমিরেটস, কাতার এয়ারওয়েজ এবং ইতিহাদ-এর মতো বড় সংস্থাগুলির বেশ কিছু উড়ান বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের বারবার উড়ানের সময় যাচাই করে তবেই বিমানবন্দরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

    কলকাতায় বাতিল বিমানের তালিকা:

    এমিরেটস: ২টি আগমন ও ২টি প্রস্থান (দুবাই)
    কাতার এয়ারওয়েজ: ১টি আগমন ও ১টি প্রস্থান (দোহা)
    ইতিহাদ এয়ারওয়েজ: ১টি আগমন ও ১টি প্রস্থান (আবু ধাবি)
    এয়ার অ্যারাবিয়া: ১টি আগমন ও ১টি প্রস্থান (আবু ধাবি)
  • Link to this news (আজকাল)