• ভরা গ্রহণে ভাটপাড়ায় বিপদ, দোলের দিন ঘটল অঘটন
    এই সময় | ০৪ মার্চ ২০২৬
  • তিন জন গঙ্গায় ডুবছে দেখে, বাঁচাতে ঝাঁপ মারে এক কিশোর। দোলের বিকেলের ঘটনায় বুধবার বেলা অবধি খোঁজ নেই চার জনের। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার (Bhatpara) বলরাম সরকার ঘাটে রাতভর ঠায় বসে বাড়ির লোকেরা। চলছে ডুবুরি নামিয়ে তল্লাশি। কাজ করছে NDRF টিম। বোট নিয়ে গঙ্গায় চলছে খোঁজ। রয়েছে ভাটপাড়া থানার পুলিশ।

    এলাকার লোকজন জানান, মঙ্গলবার বিকেলে জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের মাদ্রাল গভর্নমেন্ট কলোনির বাসিন্দা দুই যুবক সৈকত নন্দী (৩২) ও সৌরভ নন্দী ( ২৭) এবং তাঁদের এক পরিচিত দীপশিখা দাস রজক (২০) ভাটপাড়া বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছিলেন। সৈকত, সৌরভ আবার দুই ভাই। রং খেলে স্নান করতে এসেছিলেন তাঁরা। তখন পূর্ণিমা, তার উপরে আবার ভরা গ্রহণ।

    গঙ্গায় নামতেই কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যান তিন জন। সে সময়ে ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ার বাসিন্দা বছর সতেরোর সৌরভ সরকার গঙ্গার ঘাটেই বসে ছিল। তিন জনকে খাবি খেতে দেখে বাঁচাতে এগিয়ে যায় সৌরভ সরকার। গঙ্গায় ঝাঁপ দেয় সে।

    কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও চার জনের কেউই উঠে আসেননি ঘাটে। এর পরেই ঘাটে থাকা অন্যান্য লোকজন ভাটপাড়া থানায় খবর দেন। পুলিশ আসে। বুধবার বেলা পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। NDRF-এর বিশেষ টিম ভাটপাড়ার বলরাম সরকার ঘাটে নেমে তল্লাশি অভিযান শুরু করে। যদিও এখনও কোনও খোঁজ নেই।

    গঙ্গার ঘাটে বসে বাড়ির লোকেরা। চোখেমুখে উৎকণ্ঠা। সময় যত এগোচ্ছে, অস্থির হয়ে উঠছেন তাঁরা। এ দিক ও দিক চলছে ফোনাফোনি। পুলিশের টিমও দাঁড়িয়ে। মঙ্গলবার বিকেল ৫টা সাড়ে ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোনও খোঁজ মেলেনি ওই চার জনের।

  • Link to this news (এই সময়)