• মধ্যমগ্রাম স্টেশনের সামনে পর পর সিলিন্ডার ব্লাস্ট, চার দিক ঢাকল ধোঁয়ায়
    এই সময় | ০৪ মার্চ ২০২৬
  • সৌমেন রায় চৌধুরী

    হোলির দুপুরে, বুধবার মধ্যমগ্রাম স্টেশন (Fire break out near madhyamgram station) সংলগ্ন এলাকায় পর পর দোকানে আগুন। রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের শব্দ। মিষ্টির দোকান-সহ একাধিক দোকানে আগুন লেগে যায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন এলাকার লোকজন। ঘটনাস্থলে এখনও অবধি দমকলের চারটি ইঞ্জিন। মধ্যমগ্রাম থানার বিশাল টিম উপস্থিত ঘটনাস্থলে।

    হোলির দুপুর। বিভিন্ন দোকানে লোকজনের ভিড়। প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘একটি মিষ্টির দোকানে প্রথম আগুন লাগে। তার পরে সেই আগুন পর পর দোকানে ছড়াতে শুরু করে। আশেপাশে যত খাবারের দোকান আছে, এখন সবই জ্বলছে। সঙ্গে সিলিন্ডার ব্লাস্ট হচ্ছে। কী ভাবে কী হলো বোঝা যাচ্ছে না। পর পর ৮-১০টা দোকান। সবগুলিই মনে হচ্ছে ক্ষতির মুখে পড়বে।’

    একাধিক খাবারের দোকান থাকায় পর পর সিলিন্ডার ফাটতে শুরু করে। বিকট সে শব্দ। ভয়ে চিৎকার করতে করতে ছুটতে থাকেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলার তথা মধ্যমগ্রাম পুরসভার উপপুরপ্রধান প্রকাশ রাহাও আসেন। এলাকার লোকজনের একাংশের অভিযোগ, কী ভাবে এই দোকান স্টেশন সংলগ্ন এলাকায় গজিয়ে উঠল, তা নিয়েও প্রশ্ন আছে।

    এ প্রসঙ্গে কাউন্সিলার প্রকাশ রাহা বলেন, ‘এই দোকানগুলি কেন হলো, কী ভাবে হলো, তা নিয়ে বলতে গেলে আমাদের দিকেও প্রশ্ন উঠবে। এ নিয়ে আমার সন্দেহ নেই। তবে এখানে খাবারের দোকান থেকেই আগুন লেগেছে। সিলিন্ডার ফেটেছে। তাতেই এই ঘটনা।’ ঘটনাস্থলে আসেন SDPO বারাসত, ডিএসপি ট্র্যাফিক-সহ পুলিশ আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)