• রং খেলে পুকুরে স্নান করতে নেমে মৃত্যু ২ যুবকের, শোকের ছায়া গ্রামে
    এই সময় | ০৪ মার্চ ২০২৬
  • হোলিতে রং মাখার পরে পুকুরে স্নান করতে নেমে বিপত্তি। বুধবার দুপুরে দুর্গাপুরের আমরাই গ্রামে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই যুবকের। মৃতদের নাম দেবদূত গোঁসাই (১৯) এবং বিশাল সিং (১৮)। তাঁরা দু'জনেই দুর্গাপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দ নগরের বাসিন্দা। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ডুবুরি। তারাই দুই যুবককে উদ্ধার করে স্থানীয় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

    সূত্রের খবর, রঙ খেলা শেষ করে দেবদূত, বিশাল-সহ ১০ বন্ধু মিলে পুকুরে স্নান করতে গিয়েছিলেন। আমরাই গ্রামের একটি নতুন পুকুরে তাঁরা স্নানে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্ধুদের মধ্যে দেবদূত এবং বিশাল প্রথম জলে নামেন। কিন্তু পুকুরের গভীরতা বুঝতে না পেরে নামার সঙ্গে সঙ্গেই তাঁরা অতল জলে তলিয়ে যান দু'জনে। পাড়ে দাঁড়িয়ে থাকা বাকি বন্ধুরা ভয় পেয়ে আর জলে নামার সাহস পাননি। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা।

    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। এর পর উদ্ধারকাজ শুরু করে পুলিশ। দীর্ঘ চেষ্টার পরে জল থেকে দুই যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের তড়িঘড়ি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে তাঁদের মৃত্যু হয়েছে।

    দোল উৎসবে দুই তরতাজা যুবকের মৃত্যুতে শোকের ছায়া গ্রামে। পুলিশ ইতিমধ্যেই দেহ দু'টি ময়নাতদন্তে পাঠিয়েছে। নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)