• মধ্যমগ্রাম স্টেশনের বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ড!
    আজকাল | ০৪ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যমগ্রাম স্টেশনের পাশে। ধুন্ধুমার মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকা। স্টেশনের ঠিক বাইরেই লাইন দিয়ে থাকা বেশ কয়েকটি দোকান মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন।

    স্থানীয় সূত্রে খবর, বুধবার হঠাৎই স্টেশনের ধারের একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। প্রায় কয়েক ঘণ্টা কেটে গেলেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের তীব্রতায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

    আগুনের চেয়েও বেশি সমস্যা তৈরি করেছে কালো ধোঁয়া। আগুনের উৎসটি রেললাইনের খুব কাছে হওয়ায় এবং ধোঁয়ায় দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচল। এর ফলে শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। 

    মাঝপথের বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে একাধিক লোকাল ট্রেন, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। দমকল বাহিনীর কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। রেল সূত্রে খবর, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং ধোঁয়া না কমা পর্যন্ত এই শাখায় ট্রেন চলাচল শুরু করা সম্ভব নয়।

    পুলিশ সূত্রে খবর, ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন একজন৷ মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ স্টেশনের পাশেই একটি দোকান থেকে উদ্ধার হয় মৃতদেহ৷ তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি। তদন্ত জারি রয়েছে৷ 

    প্রসঙ্গত, গতমাসেই মধ্যমগ্রামে রঙের গুদামে আগুন। দুপুরে ওই গুদামে আচমকাই আগুন লেগে যায়। রঙের গুদামে রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত বিধ্বংসী রূপ নেয়। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আগুনের তীব্রতা এতটাই যে আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের।আগুন নেভানোর কাজ চলছে। কীভাবে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। 

    শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে মধ্যমগ্রাম বাদুর দিগবেরিয়া দু'নম্বর গেট এলাকায় থাকা ওই রাসায়ানিক কারখানায় বিধ্বংসী এই আগুন লাগার ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার সময় একাধিক শ্রমিক কারখানার কাজ করছিলেন। কিন্তু ঘটনার পরেই আতঙ্কে সবাই বেরিয়ে আসেন। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানা যাচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে। কিন্তু পরে ঘটনাস্থলে দমকলের আরও বেশ কয়েকটি ইঞ্জিন আসে। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। একেবারে দাউদাউ করে জ্বলতে থাকে গোটা কারখানা। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।

    স্থানীয় সূত্রে খবর,মধ্যমগ্রামের বাদু এলাকায় অবস্থিত ওই রঙের গুদামে দু'বছর আগেও একই রকম ভাবে আগুন লেগে গিয়েছিল। স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দারা আতঙ্ক রয়েছেন। কারখানার ভিতরে কোনও কর্মী আটকে আছেন কি না তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়েরা আগুন নেভানোর কাজে দমকলের সঙ্গে হাত লাগিয়েছেন।
  • Link to this news (আজকাল)