বাক্স খুলে দামি স্মার্টফোন গায়েব করে দিত ডেলিভারি বয়
আজকাল | ০৪ মার্চ ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: অনলাইন অর্ডারের মোবাইল গ্রাহকের হাতে পৌঁছনোর আগেই উধাও। অভিযোগ, কুরিয়র সংস্থার এক ডেলিভারি কর্মীই ২৮টি দামি স্মার্টফোন আত্মসাৎ করে বাজারে বেচে দেয়। ঘটনার তদন্তে নেমে তিন মোবাইল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নিউ আলিপুর পুলিশ স্টেশন-এর পুলিশ। ধৃতদের কাছ থেকে ইতিমধ্যেই কুড়িটি মোবাইল উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি প্রথম সারির ই-কমার্স সংস্থা শহরের একটি কুরিয়র এজেন্সিকে ২৮টি দামি দামি স্মার্টফোন ক্রেতাদের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেয়। সেই দায়িত্ব দেওয়া হয় এক ডেলিভারি কর্মীকে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও একাধিক ক্রেতা জানান, তাঁরা কোনও পার্সেল পাননি। অভিযোগের সংখ্যা বাড়তেই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে শুরু করে সংশ্লিষ্ট সংস্থা।
কুরিয়র কর্তৃপক্ষ অভ্যন্তরীণ খোঁজখবর নিতে গিয়ে দেখেন, দায়িত্বপ্রাপ্ত কর্মীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তার পরেই স্পষ্ট হয়, ডেলিভারির প্যাকেট খুলে মোবাইলগুলি হাতিয়ে নেওয়া হয়েছে। পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তের অগ্রগতিতে প্রযুক্তির সাহায্যে খোয়া যাওয়া ফোনগুলির অবস্থান শনাক্ত করা হয়। দেখা যায়, সেগুলি ইতিমধ্যেই সক্রিয় অবস্থায় ব্যবহার হচ্ছে। বর্তমান ব্যবহারকারীদের কাছ থেকে পুলিশ জানতে পারে, তাঁরা স্থানীয় দোকান থেকে মোবাইলগুলি কিনেছেন এবং ক্রয়ের রসিদও রয়েছে।
এরপর সংশ্লিষ্ট দোকানগুলিতে অভিযান চালানো হয়। তদন্তকারীদের দাবি, কম দামে চোরাই মোবাইল সংগ্রহ করে তা বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এই অভিযোগে বিশাল, সুদীপ্ত ও সর্বেশ নামে তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের হেফাজত থেকে কুড়িটি ফোন উদ্ধার হয়েছে। বাকি মোবাইলগুলির সন্ধান চলছে।
এদিকে, অভিযুক্ত ডেলিভারি কর্মী এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি জারি রয়েছে। এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।