হোলির দিন অশান্তি ছড়াল হাওড়ায় শালিমার স্টেশন লাগোয়া ৫ নম্বর গেটের কাছে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ঝামেলার খবর পেয়ে এলাকায় আসেন এজেসি বোস বটানিক গার্ডেন থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ কর্তারা।
হোলির দিন ওই এলাকায় একটি ট্রাকের নীচে বসে মদ্যপান করছিলেন কয়েক জন। সেই সময়ে ওই ট্রাকের চালক বিষয়টি খেয়াল না করে গাড়ি চালিয়ে দেন বলে অভিযোগ। এর ফলে একজনের হাতে চোট লাগে, তারপরেই ক্ষোভ ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন ওই চালককে মারতে যান। সেই সময়ে গাড়ি নিয়ে পালাতে শুরু করেন ওই চালক। তারপরেই এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা পরপর বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর শুরু করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ।
যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশ মদ্যপানের অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, ওই এলাকায় পার্কিংয়ের কোনও জায়গা নেই। তবুও বহু গাড়ি সেখানে পার্কিং করে রাখা হয়। স্থানীয়দের অভিযোগ, ওই সময়ে বেশ কিছু বাচ্চা সেখানে খেলাধুলো করছিল। কোনও কথা নিয়ে ঝামেলা হয়েছিল। তারপরেই অভিযুক্ত গাড়িচালক কয়েকজনকে গাড়ি দিয়ে পিষে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তারপরেই ক্ষুব্ধ জনতা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। বেশ কয়েকজন জখম হয়েছেন, তাঁদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে, তার জন্য পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, হোলির দিন বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিয়েছে।