• বেলদায় জাতীয় সড়কের পাশে বিটুমিন বোঝাই ট্যাঙ্কারে বিধ্বংসী আগুন
    এই সময় | ০৫ মার্চ ২০২৬
  • জাতীয় সড়কের পাশে দাউদাউ আগুন। আগুনের গ্রাসে চলে গিয়েছে গোটা একটি ট্যাঙ্কার। বুধবার এমন দৃশ্য থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে বেলদায়। ওই এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে এই ঘটনা ঘটেছে।

    পুলিশ জানিয়েছে, ওই ট্যাঙ্কারটি বিটুমিন বোঝাই ছিল। বুধবার বিকাল নাগাদ ওই ট্যাঙ্কারে বিধ্বংসী আগুন লাগে। ভয়াবহ ভাবে জ্বলতে শুরু করে গোটা ট্যাঙ্কার। পশ্চিম মেদিনীপুরের বেলদা বাইপাস সংলগ্ন যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে, তার কাছেই রয়েছে ইসকন মন্দির।

    জানা গিয়েছে, দিন কয়েক আগে একটি বালি বোঝাই ট্রাক্টরের সঙ্গে এই ট্যাঙ্কারটির সংঘর্ষ হয়েছিলো। ওই দুর্ঘটনার পর থেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল ট্যাঙ্কারটি। সেটিতে মেরামতির কাজ চলছিলো। বুধবার মেরামতির কাজ চলাকালীন হঠাৎ আগুন ধরে যায়। দাহ্য বস্তু ভর্তি থাকায় মুহূর্তের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় গোটা ট্যাঙ্কার। খবর পেয়ে খড়্গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও দমকলের আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)