টার্গেট স্বয়ং ডোনাল্ড ট্রাম্প! খোদ আমেরিকার বুকেই তাঁকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ব্লু-প্রিন্ট তৈরি করেছিল তেহরান। ২০২৪ সালে, আমেরিকার নির্বাচনের ঠিক আগে। আমেরিকান গোয়েন্দাদের দাবি, IRGC-র নির্দেশে ফরহাদ শাকেরি নামে এক ‘ইরানি অ্যাসেট’ ট্রাম্পকে ‘স্টক করে’ গুপ্তহত্যা করার জন্য দুই ভাড়াটে খুনিকে সুপারি দিয়েছিল।
ফরহাদ শাকেরিকে আমেরিকা ধরতে পরেনি। তবে আমেরিকার দাবি, এই পরিকল্পনার মাস্টারমাইন্ড ছিল IRGC-র স্পেশাল অপারেশনস ডিপার্টমেন্টের প্রধান রহমান মাকাদাম। ইরান যুদ্ধে খতম সেই মাকাদাম। তবে তাকে খতম করল কে? পেন্টাগন নাকি মোসাদ? এই একটি প্রশ্ন ঘিরেই দড়ি টানাটানি শুরু হয়েছে আমেরিকা ও ইজ়রায়েলের মধ্যে!
বুধবার আমেরিকান প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, আমেরিকার সশস্ত্র বাহিনী ওই ইরানি কম্যান্ডারের মৃত্যু নিশ্চিত করেছে। অন্যদিকে, ইজ়রায়েলের সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই হাই-প্রোফাইল হত্যার নেপথ্যে রয়েছে ইজরায়েলি বাহিনী।
আমেরিকান গোয়েন্দাদের মতে, এই গুপ্তহত্যার ছকের শিকড় রয়েছে ২০২০ সালে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদ। তাঁর নির্দেশেই ইরাকে ড্রোন হামলা চালিয়ে খতম করা হয়েছিল ইরানের শীর্ষস্থানীয় জেনারেল কাসেম সুলেমানিকে। তারই চরম প্রতিশোধ নিতে ট্রাম্পকে টার্গেট করেছিল তেহরান।
এখন মাকাদামের মৃত্যু নিয়ে দুই মিত্র দেশ আমেরিকা ও ইজ়রায়েল যে ভাবে আলাদা দাবি করছে, তা আন্তর্জাতিক রাজনীতিতে নয়া কৌতূহল তৈরি করেছে।