• চলন্ত ট্রেনেই প্রসব, মা-শিশুকে হাসপাতালে নিতে বেলদায় দাঁড়াল যশবন্তপুর এক্সপ্রেস
    এই সময় | ০৫ মার্চ ২০২৬
  • চলন্ত ট্রেনের কামরায় প্রসব করলেন এক পরিযায়ী শ্রমিক পরিবারের গৃহবধূ। বুধবার বিকালে ডাউন এসএমভিটি বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট যশবন্তপুর এক্সপ্রেসে (১২৮৬৪) এই ঘটনা ঘটে। রেল পুলিশের তৎপরতায় প্রসূতি ও সদ্যোজাত কন্যা সন্তানকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মা ও শিশু দু’জনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

    অসমের দারাঙ জেলার ডালগাঁও থানার ১ নম্বর শিয়ালমারি এলাকার বাসিন্দা ৩৫ বছর বয়সি কচিরান নেসসা তাঁর স্বামী বাহারুলের সঙ্গে কর্নাটকে থাকতেন। বাহারুল সেখানে চা বাগানের শ্রমিক হিসেবে কাজ করেন। প্রসবের সময় এগিয়ে আসায় ৩ মার্চ সকালে তাঁরা বেঙ্গালুরু থেকে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন। বুধবার বিকালে ট্রেনটি ওডিশার বালেশ্বর স্টেশন ছাড়ার পরেই কচিরানের তীব্র প্রসব বেদনা শুরু হয়। ট্রেনের কামরাতেই সহযাত্রী মহিলাদের সাহায্যে তিনি কন্যাসন্তানের জন্ম দেন।

    বিষয়টি ট্রেনের দায়িত্বপ্রাপ্ত টিকিট পরীক্ষককে জানানো হয়। তারপরেই তিনি দ্রুত রেল পুলিশ ও খড়্গপুর কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ডাউন যশবন্তপুর এক্সপ্রেসকে তড়িঘড়ি বেলদা স্টেশনে থামানোর ব্যবস্থা করা হয়। বুধবার বিকাল প্রায় চারটা নাগাদ ট্রেনটি বেলদা স্টেশনে পৌঁছলে রেল পুলিশের কর্মীরা প্রসূতি ও সদ্যোজাতকে নামিয়ে আনেন। সেখান থেকে তাঁদের দ্রুত বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    বাহারুল বলেন, ‘স্ত্রী অন্তঃসত্ত্বা থাকায় চিকিৎসকরা এই সপ্তাহের মধ্যেই প্রসবের দিন দিয়েছিলেন। তাই আমরা তড়িঘড়ি অসমের বাড়িতে ফিরছিলাম। কিন্তু পথেই প্রসব বেদনা ওঠায় বিপত্তি ঘটে। রেল পুলিশ ও সহযাত্রীদের সহযোগিতায় হাসপাতালে পৌঁছনো সম্ভব হয়েছে।’

  • Link to this news (এই সময়)