আজকাল ওয়েবডেস্ক: রঙের উৎসব হোলির আনন্দ মুহূর্তেই আতঙ্কে বদলে গেল মালদহ জেলার মানিকচকে। বুধবার মানিকচক থানার মথুরাপুর কাহাড় পাড়া এলাকায় আচমকাই গুলির শব্দে ছত্রভঙ্গ হয়ে পড়ে উৎসবে মেতে থাকা মানুষজন। স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিগত বিবাদের জেরে আচমকা শুটআউটের ঘটনা ঘটে। গুলি চলল মালদহে। গুলিবিদ্ধ তিনজন। ঘটনায় উত্তেজনা এলাকায়। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার।
মালদার মানিকচক থানার মথুরাপুর কাহাড় পাড়া এলাকায় শুট আউটের ঘটনা ঘটে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, গুলিবিদ্ধ ১০ বছরের বালক সহ তিন জন। একজনের পরিচয় জানা গিয়েছে, নাম বিশু রজক। অভিযুক্তও একজন নাবালক, তথ্য তেমনটাই। জানা গিয়েছে, ঘটনার পরেই, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর শুরু করেছে উত্তেজিত জনতার।
ঘটনার পরেই আহতদের রক্তাক্ত অবস্থায় দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে।
অভিযুক্ত সমীর গুপ্তের বিরুদ্ধে অভিযোগ, সে গুলি চালায়। ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুটআউটের সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও বিবাদ তা তদন্তের পরেই স্পষ্ট হবে। হোলির দিনে এমন রক্তাক্ত ঘটনা এলাকাবাসীর মনে ভয় ও ক্ষোভের ছাপ ফেলেছে।