• ভোটের কাউন্টডাউন! রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধিদল
    আজকাল | ০৫ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে ভোট কবে? দিনক্ষণ জানা যাবেই বা কবে? ভোট কত দফায়? এই মুহূর্তে ভোটমুখী বাংলায় প্রশ্ন একাধিক। তবে আজ বুধবার নির্বাচন কমিশনের প্রকাশিত নির্দেশিকা থেকে স্পষ্ট হল, ভোট নিয়ে কমিশন এগিয়েছে আরও একধাপ। ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পূর্বে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৮ থেকে ১০ মার্চ কলকাতা সফরে আসছে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)-এর একটি উচ্চপর্যায়ের চার সদস্যের প্রতিনিধিদল।

    নির্বাচন কমিশন জানিয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য হল রাজ্যের সামগ্রিক নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা করা। প্রশাসনিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, ভোটকর্মীদের প্রস্তুতি, লজিস্টিক ব্যবস্থা—সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা হবে। কলকাতায় একাধিক বৈঠকের মাধ্যমে কমিশন রাজ্যের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করবেন বলে জানা গেছে।

    সামগ্রিক প্রস্তুতি তদারকির জন্য ৮ মার্চ কলকাতায় পৌঁছবেন চার সদস্যের উচ্চপর্যায়ের আধিকারিকরা। তাঁরা হলেন—

    ১. শ্রী জ্ঞানেশ ভারতি, সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার

    ২. শ্রী এস. বি. যোশি, প্রধান সচিব

    ৩. শ্রী মনোজ সি., পরিচালক

    ৪. শ্রী অভিনব আগরওয়াল, উপ-সচিব

    উচ্চ পর্যায়ের এই আধিকারিকরা বৈঠক শেষে দিল্লি ফিরে গিয়েই রিপোর্ট দেওয়ার পরেই, ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন, সূত্রের খবর তেমনটাই। পাশাপাশি নির্বাচন কমিশনের মূল বৈঠকের আগে প্রাথমিক প্রস্তুতি, সমন্বয় এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন ওই প্রতিনিধিরা। তাঁদের সফরসূচি এবং বৈঠকের কর্মসূচি, বক্তব্য পৃথকভাবে জানানো হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

    এই নিয়ে রাজ্য প্রশাসনের তরফে ইতিমধ্যেই নিরাপত্তা, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে যাতে কোনও রকম গাফিলতি না থাকে, সেদিকেই বিশেষ নজর দিচ্ছে কমিশন। রাজনৈতিক মহলেও এই সফর ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। 

    ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা স্পষ্ট। সেই কারণেই আগাম প্রস্তুতি পর্যালোচনায় এতটা গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।সব মিলিয়ে, ২০২৬-এর মহারণের আগে রাজ্যে বাড়ছে ভোটের উত্তাপ—আর তারই প্রাথমিক ইঙ্গিত মিলছে ইসিআই প্রতিনিধিদলের কলকাতা এই সফর।

     
  • Link to this news (আজকাল)