ধোঁয়া ওঠা ঝরঝরে হলুদ ভাত। তার মধ্যে ডুবুরির মতো মাথা উঁচিয়ে এক পিস আলু। পাশে নিরীহ কিন্তু দৃপ্ত ভঙ্গিতে শুয়ে রয়েছে চিকেনের লেগপিস। ১০০ রকমের মশলার সুগন্ধে গোটা ঘর ম ম করছে। এমন বিরিয়ানির (Biriyani) জন্য কতটা ত্যাগ স্বীকার করা যায়, ভেলটন সালদানহা জানেন। ফ্লাইটে ৫ হাজার টাকার বিরিয়ানি আনতে ৪,২০০ টাকার অতিরিক্ত লাগেজ ফি (Baggage Fees) দিয়েছেন তিনি। এই খবরেশোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। তবে অনেকেই বলছেন, ‘এই না হলে রসিক!’
ভেলটন সালদানহা পেশায় শেফ। শাক, সব্জি, মাছ, মাংসের সঙ্গে তাঁর নাড়ির টান। সেই টান থেকেই রান্নাবান্না, খাবারের ভিডিয়ো নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। গত মাসে বিরিয়ানির স্বর্গরাজ্য হায়দরাবাদে (Hyderabad) গিয়েছিলেন। মনের আশ মিটিয়ে বিরিয়ানি খেয়েছেন। সঙ্গে পাঁচ হাজার টাকার বিরিয়ানি প্যাকও করে নেন। মুম্বইয়ের (Mumbai) বাড়িতে ফিরে আয়েশ করে খাবেন, এই ছিল সাধ। সেই ভিডিয়ো পোস্ট করে ভেলটন লিখেছেন, ‘হায়দরাবাদে গিয়ে যে কোনও বুদ্ধিমান লোক যা করবেন, আমিও তাই করেছি। বিরিয়ানি প্যাক করে নিয়েছি। এ বার বাড়ি গিয়ে...।’
হায়দরাবাদে ১২ দিন ‘বিরিয়ানি অভিযান’ চালান ভেলটন। ১৩ ফেব্রুয়ারি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু বিমানবন্দরে বিপত্তি। এত লাগেজ? কর্মীদের চোখ কপালে। তাঁরা তো আর জানেন না, এই সব ক্যানভাস আর চামড়ার ব্যাগের ভিতরে পরম মমতায় শুয়ে রয়েছে মন চাঙ্গা করা বিরিয়ানি। অতিরিক্ত লাগেজের জন্য চালান কেটে দেন তাঁরা। পাঁচশো, হাজার নয়, পুরো ৪,২০০ টাকা। মানে বিরিয়ানির দামের প্রায় সমান।
নিছক খাদ্যরসিক হলে হয়তো পিছিয়ে আসতেন ভেলটন সালদানহা। কিন্তু তিনি প্রেমিক। বিরিয়ানির ‘দাম’ তিনি দিতে জানেন। টাকা আবার আসবে, কিন্তু হায়দরাবাদের বিরিয়ানি নৈব নৈব চ। বিমানবন্দরে দাঁড়িয়েই সিদ্ধান্ত নিয়ে নেন, সব প্যাকেট নিয়েই তিনি বাড়ি ফিরবেন। টাকা যায় যাক, বিরিয়ানি যেন হৃদমাঝারে থাকে। অম্লান বদনে পকেট থেকে ৪,২০০ টাকা বের করে দেন তিনি। সেই রসিদের ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভেলটন।
বিরিয়ানির দামের সমান কেউ লাগেজ ফি দেয়? তাজ্জব নেটিজ়েনরা। কেউ বলছেন, ‘বাড়াবাড়ি হয়ে গেল।’ আবার কেউ কুর্নিস জানাচ্ছেন তাঁর বিরিয়ানি প্রেমকে। তবে ভেলটন সালদানহার এই সবে কিছু যায় আসে না। তিনি গুণীজন, বিরিয়ানির মর্ম বোঝেন। হয়তো বিরিয়ানির প্যাকেট বুকে জড়িয়ে বিমানে বসে গুনগুন করে গাইছিলেন, বিরিয়ানি আমার বিরিয়ানি ওগো/ বিরিয়ানি ভুবন ভরা। কে জানে!