• ইরান সংঘাতের ধাক্কা সুগন্ধি চাল রপ্তানিতে
    বর্তমান | ০৪ মার্চ ২০২৬
  • প্রীতেশ বসু, কলকাতা: ইরান সংঘাত এখন সংবাদ শিরোনামে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অস্থিরতার জের আছড়ে পড়ল ভারতের চাল রপ্তানির উপরেও। মূলত বাসমতি এবং সুগন্ধি চালের রপ্তানিতে প্রভাব পড়তে শুরু করেছে। ধাক্কা খাচ্ছে এই সমস্ত চালের রপ্তানি।

    বিভিন্ন চাল রপ্তানিকারক সংগঠনগুলির মাধ্যমে জানা গিয়েছে, ইরানগামী এবং ইরানের বৃহত্তম বন্দর হয়ে আফগানিস্তানগামী চালান আপাতত স্থগিত রয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই রপ্তানি আটকে থাকতে পারে। ফলে বাজারে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে এবং রপ্তানিকারকদের বকেয়া উদ্ধার নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সামরিক হামলার জেরে জাহাজ চলাচল অনিশ্চিত। ফলে আগে আসা অর্ডার অনুযায়ী রপ্তানি সম্ভব হচ্ছে না। স্বাভাবিক ভাবেই পরবর্তী অর্ডার ধাক্কা খাচ্ছে। ফলে সংঘাত কতদিন স্থায়ী হয় তার উপরই সামগ্রিক প্রভাব নির্ভর করবে।

    এই সমস্ত দেশগুলি বাসমতি চালের সব থেকে বড় বাজার। ফলে হরিয়ানা, উত্তর প্রদেশের মতো রাজ্যগুলি বেশি ক্ষতিগ্রস্থ হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রভাব পড়বে গোবিন্দ ভোগ চালের রপ্তানির ক্ষেত্রে। বিশেষজ্ঞদের মতে, ইরান ও আফগানিস্তান ভারতের গুরুত্বপূর্ণ বাজার হওয়ায় পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে রপ্তানিকারকদের আর্থিক চাপ আরও বাড়তে পারে।
  • Link to this news (বর্তমান)