• প্রাক্তন প্রেমিকার প্রেমিককে অপহরণ, মারধর! দুর্ঘটনার কবলে পড়ে মৃত ৩
    এই সময় | ০৫ মার্চ ২০২৬
  • এই সময়, ইসলামপুর: প্রাক্তন প্রেমিকার বর্তমান প্রেমিককে অপহরণ (Kidnapping) করে গাড়িতে তুলে মারধরের মাঝেই ঘটল বিপত্তি। দ্রুতগতিতে ছুটে চলা গাড়িটি গিয়ে পড়ল একটি জলাশয়ে। ঘটনায় ওই প্রেমিকার বর্তমান প্রেমিক বেঁচে গেলেও প্রাক্তন প্রেমিক এবং তাঁর দুই সঙ্গীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতের এই ঘটনা বলিউডের ত্রিকোণ প্রেমের গল্পকেও হার মানায়।

    ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর লাগোয়া বাংলা–বিহার সীমানায় ফাটিপুকুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, গভীর রাতে ওই এলাকা দিয়ে দ্রুতগতিতে ছুটছিল একটি গাড়ি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গভীর জলাশয়ে পড়ে যায় গাড়িটি। রাতের নিস্তব্ধতার মধ্যে বিকট শব্দ শুনে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা ঘটনাস্থলে এসে ট্র্যাক্টরের সাহায্যে গাড়িটি জলাশয় থেকে তোলেন। গাড়ি থেকে উদ্ধার করা হয় সাত জন যুবককে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁদের মধ্যে তিন জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি চার জনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ( Islampur Subdistrict Hospital) ভর্তি করা হয়। বর্তমানে তাঁকা সেখানেই চিকিৎসাধীন। মৃতদের নাম মুকুন্দ দাস (২০), সুরজিৎ দাস (২০) এবং বনি দাস (১৯)।

    পুলিশ সূত্রে খবর, নদিয়ার বাসিন্দা অতনু শীল ইসলামপুরে এসেছিলেন তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করতে। বিষয়টি জানতে পারেন মেয়েটির প্রাক্তন প্রেমিক ইসলামপুরের বাসিন্দা মুকুন্দ। অভিযোগ, তিনিই প্ল্যান করে সাঙ্গপাঙ্গদের নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে অতনুকে অপহরণ করেন। এরপরে গাড়িতেই নদিয়ার তরুণকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আতঙ্কে চিৎকার করেও রেহাই মেলেনি অতনুর। এরই মাঝে আচমকা ঘটে যায় বিপত্তি। ঘটনার খবর পেয়ে বিহার এবং পশ্চিমবঙ্গ পুলিশের দল এলাকায় যায়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বিহারের কিশনগঞ্জ হাসপাতালে (Kishanganj Hospital in Bihar) পাঠানো হয়।

    স্থানীয় বাসিন্দা ননীগোপাল দাস বলেন, ‘একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে যায়। আমরা সবাই মিলে ট্র্যাক্টরের সাহায্যে গাড়িটি তুলেছি। জানতে পেরেছি, নদীয়ার এক যুবককে গাড়িতে মারধর করছিলেন। সেই সময়েই ঘটনাটি ঘটে।’ এ দিকে হাসপাতালের বেডে শুয়ে অতনু বলেন, ‘দু’দিন আগে প্রেমিকার সঙ্গে রং খেলতে ইসলামপুরে এসেছিলাম। এখানে একটি হোটেলে উঠেছিলাম। আমার প্রেমিকার প্রাক্তন প্রেমিক মুকুন্দ ও তাঁর সঙ্গীরা আমায় গাড়িতে তুলে মারধর করে। তার পরেই এই ঘটনা।’ ঘটনায় রক্ষা পাওয়া মুকুন্দর বন্ধুদের প্রতিক্রিয়া মেলেনি। ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস বলেন, ‘ঘটনাটি বিহারে হওয়ায় সে রাজ্যের পুলিশ তদন্ত করছে। এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।’

  • Link to this news (এই সময়)